গাপটিলের আক্ষেপের প্রথম দিন
ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে শুরুটা ধীরগতিতেই করেছে নিউজিল্যান্ড। টসে জিতে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করে দিন শেষ করেছে সফরকারীরা। প্রথম দিনে মাত্র তিন রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কিউই ওপেনার মার্টিন গাপটিলকে। দিন শেষ হওয়ার মাত্র কয়েক ওভার বাকি থাকতে ৯৭ রান করে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন সুনীল নারাইন। ৭৩ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেছেন এই ডানহাতি অফস্পিনার।টস জিতে ব্যাট করতে নেমে গতকাল শুরুটা ভালোভাবেই করেছিল নিউজিল্যান্ড। দুই ওপেনার ড্যানিয়েল ফ্লেন ও মার্টিন গাপটিল উদ্বোধনী জুটিতেই যোগ করেছিলেন ৯৭ রান। ৩৯তম ওভারে উইন্ডিজকে প্রথম উইকেটটি এনে দেন সুনীল নারাইন। ৪৫ রান করে ফিরে যান ফ্লেন। এরপর তৃতীয় উইকেটে আবার ৯০ রানের জুটি গড়েন গাপটিল ও রস টেলর। দিন শেষ হওয়ার একেবারে আগমুহূর্তে এই দুই ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে উইন্ডিজ শিবিরে স্বস্তি ফেরান নারাইন। রস টেলর ফিরে যান ৪৫ রান করে। আর গাপটিল মাত্র ৩ রানের জন্য পূর্ণ করতে পারেননি টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতকটি। ফিরেছেন ৯৭ রান করে।