এত কাছে তবু এত দূর! তিন সেশনের চোয়ালবদ্ধ লড়াই শেষ হলো দিনের খেলা ৩.৩ ওভার বাকি থাকতে। সেঞ্চুরির সুবাস পেয়েও মার্টিন গাপটিল ড্রেসিংরুমে ফিরলেন ৩ রানের আক্ষেপ নিয়ে। অ্যান্টিগা টেস্টের প্রথম দিনটা নিউজিল্যান্ডের জন্য খানিকটা বিষাদময় হয়ে গেল শেষ বিকেলে।৫ ঘণ্টা ৫৩ মিনিটের ইনিংসে ক্যারিবিয়ান বোলাররা খুব একটা সমস্যায় ফেলতে পারেননি গাপটিলকে। কিন্তু ‘নড়বড়ে নব্বই’ খানিকটা নড়বড়ে করে দিল এই ওপেনারকে। চাপটা পেয়ে বসেছিল বলেই হয়তো দ্রুত সেঞ্চুরি ছোঁয়ার আশায় গ্যালারিতে ফেলতে চাইলেন সুনীল নারাইনকে। ব্যাটের ওপরের কানায় লেগে ক্যাচ মিডঅনে।গাপটিলের ইনিংসটাকে বলতে পারেন নিউজিল্যান্ডের গোটা ইনিংসের প্রতীকী। দারুণ লড়াই করে থিতু হওয়ার পর উইকেট ছুড়ে এসেছেন চার ব্যাটসম্যান। অ্যান্টিগার প্রথম দিনটা তাই পুরোপুরি হয়নি নিউজিল্যান্ডের। উইকেট ‘উপহার’ পেয়ে নারাইন অভিযোগ করবেন কেন! ৪ উইকেটের ৩টিই তাঁর। গত মাসে বহু আলোচিত টেস্ট অভিষেকে রহস্য স্পিনারের সব রহস্য উড়িয়ে দিয়ে ইংলিশরা ১৫ ওভারে তুলেছিলেন ৭০। অ্যান্টিগার প্রথম দিনেও টি-টোয়েন্টি-ওয়ানডের নারাইনকে খুঁজে পাওয়া যায়নি। তবে ওই ৩ উইকেট সাদা পোশাকের নারাইনকে নিশ্চয়ই আত্মবিশ্বাস জোগাবে।ড্যানিয়েল ফ্লিনকে ফিরিয়ে টেস্ট শিকারের খাতা খুলেছেন নারাইন। তবে গাপটিলকে নিয়ে এর আগেই দলকে শক্ত ভিত গড়ে দিয়েছেন ফ্লিন। চটকদার কিছু শট খেলে যথারীতি উইকেট বিলিয়ে এসেছেন ব্রেন্ডন ম্যাককালাম, রোচের অনেক বাইরের বল তুলে মারতে গিয়ে ধরা পড়েছেন মিডঅফে। রস টেলরের সঙ্গে গাপটিলের ৯০ রানের জুটিতে দিনটা ভালোভাবেই শেষ হচ্ছিল কিউইদের। কিন্তু বাজে এক শটে বোল্ড হলেন টেলর, নারাইনের পরের ওভারে আরও বড় আঘাত হয়ে এল গাপটিলের বিদায়। ওয়েবসাইট।সর্বশেষ ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই প্রথম ৫ উইকেটের দেখা পেলেন নারাইন। নাইটওয়াচম্যান নিল ওয়াগনারকে ফিরিয়েছেন কাল দিনের শুরুতেই। পরে ক্রুগার ফন উইককে বানিয়েছেন পঞ্চম শিকার। দ্বিতীয় নতুন বলে কিউই মিডল ও লোয়ার-মিডল অর্ডার দাঁড়াতে দেয়নি ক্যারিবিয়ান পেসাররা। দশে নামা ব্রেসওয়েলের ঝড়ে (৩১ বলে ৩৯) নিউজিল্যান্ড তুলতে পারে ৩৫১ রান। দেড় বছর পর সাদা পোশাকে ফেরা ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছেন উড়ন্ত সূচনা। ৩৯ বলে ফিফটি করেছেন গেইল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের রান ছিল বিনা উইকেটে ৬৭।