গাফফারের আর্জেন্টিনা-অভিজ্ঞতা
কেমন দেখলেন মেসিকে? এম এ গাফফারের মুখটা উচ্ছ্বাসে ভরে গেল, ‘এত বড় প্লেয়ার! অথচ সামান্যতম গরিমা নেই। ভাবতেই পারিনি, মেসি এত অমায়িক হবে।’গাফফার থাকেন আমেরিকায়। সে-ও এক দশক পেরিয়ে গেছে। সাবেক এই জাতীয় ফুটবলার কিন্তু দেশের টান ভোলেননি। ফুটবল অন্তঃপ্রাণ গাফফার মাঝে রাজনীতিতেও যুক্ত হয়েছিলেন। ঢাকা সিটি করপোরেশনের কমিশনার নির্বাচিত হয়ে জনসেবা করেছেন। এখন প্রায়ই দেশে আসেন এবং এবার এসে পেয়ে গেলেন আর্জেন্টিনা দলের লিয়াজোঁর দায়িত্ব। আর্জেন্টিনা দলকে কাছ থেকে দেখার সুযোগ তাঁরই সবচেয়ে বেশি ছিল।সেই সুযোগ গাফফারকে এনে দিয়েছে বিরল এক অভিজ্ঞতা। কাল সেটিই বলছিলেন, ‘পেশাদারি কাকে বলে, বুঝলাম। কখন কী করতে হবে, আর্জেন্টিনা দলের সবই ঘড়ি ধরা। দলে কার কী প্রয়োজন, সেটা মেটাতে টিম ম্যানেজমেন্ট সারাক্ষণ সচেষ্ট থাকে। বড় দল শুধু নামেই নয়, কাজেও।’এই দলের সবচেয়ে বড় তারকার নাম লিওনেল মেসি। নামেই বড়, মেসিকে নাকি দলের সবচেয়ে অখ্যাত খেলোয়াড়টির মতোই সমান চোখে দেখা হয়! তবে তার মানে মেসিকে ‘অবহেলা’ করা হয় না। গাফফার বলছেন, ‘দলের মধ্যে সবাই সমান। মেসির জন্য বাড়তি কিছু নেই। অন্য সবার মতোই তাঁকে দেখে টিম ম্যানেজমেন্ট।’গাফফার টুকটাক স্প্যানিশ জানেন। তাই লিয়াজোঁ কর্মকর্তার দায়িত্বটা উপভোগই করেছেন। ‘কোচ সাবেলাসহ দুই-তিনজন খেলোয়াড় ইংরেজি ভালোই জানে। আরও কয়েকজন টুকটাক বোঝে। তাই ভাষা নিয়ে সমস্যা নেই’—গাফফারের মুখে হাসি। কাজের চাপে সেটি পরক্ষণেই উধাও, ‘উফ্, ওরা কখন যে কী চাইবে, আগে থেকে বোঝা কঠিন। আজ সকালে (কাল) বলল, মাঠে ঘাস কাটতে হবে। কী আর করা, মাঠে নিয়ে আসতে হলো।’বাংলাদেশের আতিথেয়তায় আর্জেন্টিনা অখুশি নয়—বললেন গাফফার। এ দেশের তো কিছুই দেখা হয়নি মেসিদের। তার ওপর মনে হচ্ছে, ম্যারাডোনার উত্তরসূরিরা বাংলাদেশকে হূদয়ে ঠাঁই দেবেন। গাফফার জানাচ্ছেন, ‘ওরা এমনিতে খুবই ভালো, তবে পেশাদার। আর পেশাদারির কারণেই অনেক জিনিস নিয়ে কথা বলে। চাহিদা জানায়। না পেলে গাইগুই করে।’হোটেল রূপসী বাংলায় অনেকেই ঘাঁটি গেড়েছেন মেসিকে কাছ থেকে দেখবেন বলে। ‘এখানে তো অনেক লোক মেসির সঙ্গে ছবি তোলার জন্য চেষ্টা করেছে। অনেকে পেরেছেও। সেভাবে কেউ সুযোগটা নিতে চাইলে মেসি হতাশ করেনি’—মেসিতে মুগ্ধ গাফফার। সেই সঙ্গে উপলব্ধি, ‘আমাদের এ থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে। আমরা আর্জেন্টিনার পেশাদারি ও মেসির মতো খেলোয়াড়ের নিরহংকার মানসিকতা থেকে যেদিন শিক্ষা নিতে পারব, সেই দিন বাংলাদেশের ফুটবল সামনে এগোবে।’