গাভাস্কার ভাঙলেন ব্র্যাডম্যানের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনীল গাভাস্কার
সুনীল গাভাস্কার

২৮ ডিসেম্বর তারিখটা কি কোনো দিন ভুলতে পারবেন সুনীল গাভাস্কার? এদিন তাঁর জন্মদিন নয়। বিয়ে বার্ষিকী নয়। ছেলে রোহানের জন্মদিনও নয়। তবু দিনটা অন্য রকম একটি অনুভূতির জন্ম দেবে গাভাস্কারকে। চাইলে তিনি কেক কেটেও দিনটা উদযাপন করতে পারেন। কী মাহাত্ম্য এই দিনের? জানতে হলে আমাদের ফিরে যেতে হতে হবে ৩০ বছর আগে।

মাদ্রাজের চিদাম্বরাম স্টেডিয়ামে ১৯৮৩ সালের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা টেস্টের ফলাফল ড্র হলেও ভারতের অসংখ্য প্রাপ্তি ছিল। গাভাস্কারই ছুঁয়েছিলেন একাধিক মাইলফলক। ২৮ ডিসেম্বরের এই দিন গাভাস্কার ৬৪৪ মিনিট ক্রিজে থেকে করেন অপরাজিত ২৩৬ রান। এটি ছিল গাভাস্কারের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। তবে সবচেয়ে কাঙ্ক্ষিত যে অর্জনটি এদিন নিজের নামে পাশে লেখান লিটল মাস্টার তাহলো ব্র্যাডম্যানের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেওয়া!

ব্র্যাডম্যানের ২৯ সেঞ্চুরির রেকর্ড ভেঙে ৩০তম সেঞ্চুরির দেখা পান এই টেস্টেই। ব্র্যাডম্যানকে স্পর্শ করার দুই মাসের মধ্যেই ভেঙে ফেলেন সর্বোচ্চ সেঞ্চুরির সেই সময়ের রেকর্ড। তবে ৩০তম সেঞ্চুরি যতটা সহজ ও দ্রুততম সময়ে এসেছিল, ব্র্যাডম্যানকে স্পর্শ করাটা তত সহজ ছিল না গাভাস্কারের জন্য। ১৯৮৩ সালের জানুয়ারিতেই দেখা পেয়েছিলেন ২৮তম সেঞ্চুরির। তারপর ১০ মাসের বেশি লেগে যায় পরের সেঞ্চুরির দেখা পেতে। অবশেষে ওই বছরের ২৯ অক্টোবর গাভাস্কার ব্র্যাডম্যানের ২৯তম সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেন রাজসিকভাবেই।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মাত্র ১২৮ বলে। সেঞ্চুরির দেখা পান মাত্র ৯৪ বলে। অর্ধশত হাঁকান ৩৭ বলে। ম্যালকম মার্শাল, মাইকেল হোল্ডিংদের বেশ নাস্তানাবুদ করে ছাড়েন গাভাস্কার। ৯৪.৭৩ স্ট্রাইক রেটের এই ইনিংসটি গাভাস্কারের স্বভাববিরুদ্ধ।

মজার ব্যাপার হলো, মার্শালকে চার মেরে যখন গাভাস্কার ব্র্যাডম্যানকে ছুঁঁলেন তখন নাকি তাঁর সেই ব্যাপারটি মাথাতেই ছিল না। উইকেটে সঙ্গী ব্যাটসম্যান দিলীপ ভেংসরকার গাভাস্কারকে মনে করিয়ে দেন এটি তাঁর ২৯তম সেঞ্চুরি।

গাভাস্কার এরপর করেন আরও পাঁচটি সেঞ্চুরি। দীর্ঘকাল সুনীলের ৩৪ সেঞ্চুরি টেস্টের সর্বোচ্চ হয়ে টিকেছিল। পরে সেটি ভাঙেন শচীন টেন্ডুলকার।

১৯৪৯ সালের ১০ জুলাই মুম্বাইয়ে জন্ম নেয়া গাভাস্কারের অভিষেকটাও হয়েছিল দুর্দান্ত। প্রথম সিরিজেই ১৫৪.৮০ গড়ে ৭৭৪ রান করেন। এই অর্জনের মাহাত্ম্য বোঝা যাবে, যখন জানবেন এই সিরিজ খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। জিতে ছিলেন সিরিজও। এরপর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জিততে ভারতকে অপেক্ষা করতে হয় ২০০৬ সাল পর্যন্ত। 

গাভাস্কারকে অনেকেই সর্বকালের সেরা ব্যাটসম্যানের মর্যাদা দিতে চান এই যুক্তিতে যে, ব্র্যাডম্যান কিংবা শচীন কেউ মার্শাল, রবার্টস, গার্নার ও মাইকেল হোল্ডিং, লিলি, থমসনদের মোকাবিলা করেননি। গাভাস্কারের ৩৪ সেঞ্চুরির ১৩টি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যখন তাঁদের বোলিং আক্রমণ ছিল অনেকের চোখেই ইতিহাসের সেরা।

ডেভিস উইনস্টনের প্রথম দুই বলে গাভাস্কার যেভাবে চার মারেন, তাতে মনে হচ্ছিল যেন ব্যাটিং প্র্যাকটিস করছেন। তাঁর সেদিনের ব্যাটিং দেখে ম্যালকমরা মন্তব্য করেছিলেন, গাভাস্কার যেন বরফখণ্ড মাথায় রেখে যুদ্ধ করছেন। কৌশলের দিক থেকে গাভাস্কার হয়তো সর্বকালের সেরা নন, কিন্তু যদি প্রশ্ন ওঠে মনোযোগ ধরে রাখার ব্যাপারে, গাভাস্কারই একমেবাদ্বিতীয়ম। ক্রিকেট মাঠে তাঁর মনোসংযোগকে অনেকে বুদ্ধদেবের ধ্যানের সঙ্গে তুলনা করেন।

তবে অতিসতর্ক ব্যাটিংয়ের কারণে কখনো কখনো নিন্দাও কুড়িয়েছেন। একবার ৬০ ওভারের ম্যাচ আদ্যোপান্ত খেলে করেছিলেন অপরাজিত ৩৬ রান! এ কারণেই ওয়ানডেতে তাঁর সেঞ্চুরি মাত্র একটি, তাও ক্যারিয়ারের শেষ সিরিজ ১৯৮৭ বিশ্বকাপে।

১২৫ টেস্টের ১১৪ ইনিংসে ১০ হাজার ১২২ রান সংগ্রহ করেছেন ৫১.১২ গড়ে। লিটল মাস্টার খেতাব পাওয়া গাভাস্কার শৈশব থেকেই তাঁর প্রতিভার স্বাক্ষর রেখে এগোন। ১৯৬৬ সালে ভারতের সেরা স্কুল ক্রিকেটার হন গাভাস্কার। ১৯৭১ সালে ৬ মার্চ অভিষিক্ত গাভাস্কার পরের দুই দশক মাতিয়ে রাখেন তাঁর ব্যাটিংশৈলী দিয়ে। ১৯৭৬ সালে নিউজল্যান্ডের বিপক্ষে অধিনায়কত্বের দায়িত্বও পান। তাঁর অধিনায়কত্বে ভারত পাকিস্তানের বিপক্ষে ২-০ তে সিরিজ জেতে। ১৯৮৭ সালের ১৩ মার্চ গাভাস্কার শেষ টেস্টটি খেলেন।

এখনো ক্রিকেটের সঙ্গেই জড়িয়ে আছেন। ধারাভাষ্যকার হিসেবেও তাঁর খ্যাতি কম নয়। ক্রিকেট সংক্রান্ত চারটি বইও লিখেছেন ‘সানি’।