গাভাস্কারদের জন্য ৭০ কোটি রুপি
ঘোষণা এসেছিল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে। পরশু বিসিসিআইয়ের কার্যকরী কমিটি পেল চূড়ান্ত অনুমোদন। ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য ভারতের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটারদের এককালীন অর্থ পুরস্কার দিয়ে সম্মান জানাবে বিসিসিআই। সব মিলিয়ে দেওয়া হবে প্রায় ৭০ কোটি রুপি। আইপিএলের প্লে-অফ ম্যাচগুলোর লভ্যাংশ থেকে আসবে এই অর্থের জোগান।সাতটি ক্যাটাগরিতে দেওয়া হবে এই অর্থ। পুরস্কারের আওতায় রাখা হয়েছে ২০০৩-০৪ মৌসুমের আগে অবসর নেওয়া ১৬০ জন ক্রিকেটারকে। সবচেয়ে বেশি দেড় কোটি রুপি করে পাচ্ছেন ১০০ টেস্ট খেলা তিনজন—সুনীল গাভাস্কার, কপিল দেব ও দিলীপ ভেংসরকার। ৭৫ থেকে ৯৯ টেস্ট খেলা তিনজন—রবি শাস্ত্রী, সৈয়দ কিরমানি ও গুন্ডাপ্পা বিশ্বনাথ পাবেন এক কোটি রুপি করে। ম্যাচ খেলার সংখ্যা অনুযায়ী বাকি টেস্ট ক্রিকেটাররা পাবেন ৩৫ লাখ থেকে ৭৫ লাখ রুপি। ঘরোয়া ক্রিকেটে ১০০ প্রথম শ্রেণীর ম্যাচ খেলা ক্রিকেটাররা পাবেন ৩০ লাখ রুপি করে, ৭৫ থেকে ৯৯ ম্যাচ খেলা ক্রিকেটাররা ২৫ লাখ। তবে ম্যাচ পাতানোর অভিযোগে আজীবন নিষিদ্ধ মোহাম্মদ আজহারউদ্দিন ও অজয় শর্মাকেও এই পুরস্কার দেওয়া হবে কি না, সেটা এখনো পরিষ্কার নয়। ওয়েবসাইট।