গাভাস্কারের উল্টো দাবি
ক্রিকেট খেলাটা ভারতীয় বোর্ডই একরকম নিয়ন্ত্রণ করে বলে ধারণা ক্রিকেট-বিশ্বজুড়ে। কিন্তু সুনীল গাভাস্কার দেখা যাচ্ছে গাইছেন উল্টো গীত। সাবেক ভারতীয় অধিনায়কের দাবি, ভারতীয় ক্রিকেটাররাই ম্যাচ রেফারির অন্যায় আচরণের শিকার হন বেশি!
গাভাস্কার এই দাবি করেছেন একটি পত্রিকায় লেখা নিজের কলামে। বিসিসিআইয়ের ওপর জমে থাকা সব রাগ ম্যাচ রেফারিরা নাকি ক্রিকেটারদের ওপর ঝাড়েন, ‘সবার মাঝে সাধারণ একটা ধারণা আছে, যেহেতু ভারতীয় ক্রিকেটাররা ধনী, ওদের জরিমানা করলে খুব বেশি কিছু যায়-আসে না। অস্ট্রেলিয়াতেই কয়েক দিন আগে দেখুন, দুজন ক্রিকেটারের ধাক্কাধাক্কি হওয়ার পরও (জনসন-স্টোকস) ম্যাচ রেফারি বললেন সেটা ইচ্ছাকৃত ছিল না এবং কিছু না বলে ছেড়ে দিলেন। আগে দেখেছি বলেই জানি, উপমহাদেশের ক্রিকেটাররা, বিশেষ করে ভারতের কেউ হলে এটাকেই মহাপাপ বলে গণ্য করা হতো। আলাদা মানদণ্ডটা এখানে পরিষ্কার।’
গাভাস্কার এমন সময়ে এই মন্তব্য করলেন, যখন ভারতীয় দল দক্ষিণ আফ্রিকায়, পরশু থেকে শুরু দুই দলের টেস্ট ম্যাচ। ম্যাচ রেফারি নিয়ে সবচেয়ে বড় বিতর্ক হয়েছিল এই দক্ষিণ আফ্রিকাতেই, ২০০১ সালে। পোর্ট এলিজাবেথ টেস্টে বিভিন্ন অভিযোগে ছয়জন ভারতীয় ক্রিকেটারকে নিষিদ্ধ করেছিলেন ম্যাচ রেফারি মাইক ডেনেস। প্রবল বিতর্ক ছড়িয়েছিল তা, ভারতীয় দল দেশে ফিরে আসার হুমকিও দিয়েছিল। পরে শুধু বীরেন্দর শেবাগের শাস্তি বহাল রেখে সমঝোতা হয়। ডেনেস পরে আর পরিচালনা করতে পেরেছিলেন মাত্র দুটি টেস্ট। ওয়েবসাইট।