গাভাস্কারের ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় তিন দশক হতে চলল, ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতা হয়নি ইংল্যান্ডের। ইংল্যান্ডের কাছে এবারের ভারত সফরের নাম তাই ‘ফাইনাল ফ্রন্টিয়ার’। কিন্তু শেষ পর্যন্ত এমন হতে পারে, দেখা গেল ‘শেষ সীমান্ত’ সহজেই জয় করে ফেলল অ্যালিস্টার কুকের দল। সুনীল গাভাস্কার সেই আশঙ্কাই করছেন। টেস্ট ইতিহাসে ১০ হাজার রান ক্লাবের প্রতিষ্ঠাতা এই ব্যাটিং কিংবদন্তি তাঁর এমন শঙ্কার পেছনে যৌক্তিক কারণও খুঁজে পাচ্ছেন। গাভাস্কার তাঁর নিয়মিত কলামে লিখেছেন, ভারত চার টেস্টের সিরিজে বিশ্বের দুই নম্বর দলের মুখোমুখি হতে যাচ্ছে ‘খোঁড়া’ একটা ব্যাটিং লাইন-আপ এবং দুর্বল পেস আক্রমণ নিয়ে। স্পিন বোলিংটাই স্বাগতিক দলের জন্য একমাত্র উৎসাহব্যঞ্জক দিক। টেস্ট শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে ২০১১ সালে ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারত। ফিরেছিল ৪-০ ধবলধোলাইয়ের লজ্জা নিয়ে। এরপর অস্ট্রেলিয়ায় গিয়েও একই পরিণতি। এবার মহেন্দ্র সিং ধোনির দল নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে ওই লজ্জা ফিরিয়ে দেওয়ার স্বপ্নজালই হয়তো বুনছে। কিন্তু গাভাস্কার বলছেন, রাহুল দ্রাবিড় ও ভেঙ্কট লক্ষ্মণের অবসর এবং শচীন টেন্ডুলকারের বাজে ফর্ম ভারতের বিখ্যাত ব্যাটিং লাইন-আপকে দিয়েছে দুর্বল করে। ‘ওপেনাররাও ফর্মে না থাকায় ব্যাটিংটাকে আসলেই ভঙ্গুর লাগছে। ভারতীয়দের মধ্যে ২০১১ সালের শুরুতে যে স্বস্তির বাতাবরণ ছিল, তা এখন নেই। এটাই সুযোগ ইংল্যান্ডের’—মন্তব্য গাভাস্কারের।ভারতীয় বোলিং সম্পর্কে গাভাস্কারের মন্তব্য, পেস বোলিংয়ে ভারতের নেতা জহির খানকে নতুন বলে যোগ্য সাহচর্য দেওয়ার মতো কেউ নেই। আর এ জন্যই ইংল্যান্ডকে দুবার আউট করার পাহাড়সমান বোঝাটা বইতে হবে স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও প্রজ্ঞান ওঝাকে। এএফপি।