গারল্যান্ডে এবার রিয়ালের ড্র
রিয়াল মাদ্রিদের গারল্যান্ড আর লিওঁ ‘কুফা’ কি কেটেছে? পুরো নয়, তবে লিওঁর মাঠ গারল্যান্ডে রিয়াল মাদ্রিদের ভাগ্য কিছুটা পরিবর্তন হয়েছে। এবার আর পরাজয় নয়, রিয়াল মাদ্রিদ স্টাডে গারল্যান্ড থেকে ফিরেছে ড্র করে। ড্রটাও আবার মূল্যবান অ্যাওয়ে গোল নিয়ে (১-১)। তবে এফসি কোপেনহেগেনের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে চেলসি।গারল্যান্ড স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধটা রিয়াল মাদ্রিদের কেটেছে আগের তিনটি ম্যাচের মতোই। লিওঁকে কখনোই ছাপিয়ে যেতে পারেনি হোসে মরিনহোর রিয়াল। স্বাগতিকেরাও পেছনে ফেলতে পারেনি রোনালদোদের। তবে মাঠে নেমেই ম্যাচের রং বদলে দেন লিওঁরই সাবেক স্ট্রাইকার করিম বেনজেমা। ৬৫ মিনিটে ফরাসি স্ট্রাইকারের গোলেই এগিয়ে যায় দেওয়া রিয়াল।প্রথমার্ধটা গোলশূন্য থেকে গেলে ইমানুয়েল আদেবায়োরের বদলি হিসেবে বেনজেমাকে মাঠে নামান মরিনহো। সঙ্গে সঙ্গেই কোচের আস্থার প্রতিদান দেন তিনি। প্রথম স্পর্শেই করেন গোল। বেনজেমা নিজেই বিস্মিত, ‘এর চেয়ে ভালো প্রত্যাবর্তন আমি স্বপ্নেও দেখিনি।’ যে গোলটি এমন আনন্দ হয়ে এসেছে বেনজেমার জন্য, সেই গোলের পর রিয়াল স্ট্রাইকার কোনো উদ্যাপনই করেননি। ক্লাবের সাবেক সমর্থকদের জন্য তাঁর হূদয়ে এখনো একটা শ্রদ্ধার জায়গা রয়েছে!গারল্যান্ড-কুফা কিছুটা হলেও কেটেছে, এবার লিওঁ-কুফাও হয়তো কাটবে। পরশুর ম্যাচটি খেলতে যাওয়ার আগে চ্যাম্পিয়নস লিগে গারল্যান্ডে রিয়াল মাদ্রিদের সঙ্গে তিনটি ম্যাচের সব কটিতেই জিতেছে লিওঁ। আর রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা তিনটি ম্যাচের তিনটিতে করেছিল ড্র। এবার গারল্যান্ডে রিয়াল উন্নতি করেছে। তাহলে বার্নাব্যুতে আগের ড্রয়ের জায়গায় জয়ই তো পাওয়ার কথা রিয়ালের!এফসি কোপেনহেগেন চেলসির চেয়ে এমনিতেই অনেক পিছিয়ে। পরশুও থাকল পিছিয়ে। আনেলকার জোড়া গোলে (১৭ ও ৫৪) জয় নিয়ে মাঠ ছাড়ল চেলসি। কার্লো আনচেলত্তির দল ভুলল এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকেই বাদ পড়ার যন্ত্রণা। এএফপি।