গারিঞ্চার পথ ধরে তাঁর নাতি

ব্রেন্টফোর্ড খেলে ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ লিগে, সেটার ‘বি’ দলে যোগ দিয়েছেন ১৮ বছর বয়সী এক সুইডিশ উইঙ্গার। এটা কেন বিশ্বজুড়ে সংবাদমাধ্যমগুলোর খবর হবে? হেঙ্কে ইয়োহানসন নামে যে সুইডিশ উইঙ্গারের কথা বলা হচ্ছে, তাঁর পরিচয় জানলে উত্তরটা পরিষ্কার হয়ে যাবে। ইয়োহানসন এক কিংবদন্তির নাতি। যে কিংবদন্তির নাম গারিঞ্চা!
বাঁ পা একটু ছোট ছিল ডান পায়ের চেয়ে। কিন্তু সেই সমস্যা নিয়েই গারিঞ্চা তাঁর ড্রিবলিং-জাদু দিয়ে বিশ্বকে এতটা মুগ্ধ করে রেখেছিলেন, এখনো ব্রাজিলের অনেকে তাঁকে পেলের চেয়ে বড় ফুটবলার মনে করেন। ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপের ট্রফি, ১৯৬২ বিশ্বকাপের গোল্ডেন বল, গোল্ডেন বুট—সবকিছু দিয়েও ঠিক গারিঞ্চাকে চেনা যায় না। ফুটবলের এমনই এক শিল্পী ছিলেন তিনি!
সেই গারিঞ্চার নাতি যখন কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করবেন, সেটা তো খবর হবেই। গারিঞ্চার ফুটবলীয় জিনের সামান্যটুকু যদি ইয়োহানসন পেয়ে থাকেন, আড়াই বছরের চুক্তিটা ব্রেন্টফোর্ডের জন্য লাভবান হতে পারে বৈকি! ডেইলি মেইল।