গার্দিওলা-টুখেলের আগে মঞ্চটা মার্শমেলোর

আজ রাত ১ টায় চ্যাম্পিয়নস লিগের ফাইনাল।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোর্তোয় আজ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে টমাস টুখেলের চেলসির সামনে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। রোমাঞ্চকর ফাইনাল দেখার আগে জেনে নিন দুই কোচের অতীতের মজার কিছু তথ্য। জেনে নেওয়া যাক চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা দুই ক্লাবের বেশ কিছু পরিসংখ্যানও—

১. ফাইনালে আজ কারা পাবে ঘরের মাঠের সুবিধা? ম্যানচেস্টার সিটি। উয়েফা অবশ্য নিশ্চিত করেছে, ফাইনালের দুটি দলই আজ নিজেদের হোম জার্সি পরতে পারবে। তবে যদি প্রায় একই রকম হয়ে যায়, তাহলে বিকল্প জার্সি পরতে হবে চেলসিকেই। যদিও চলতি মাসে এই দুটি দল যখন প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল, তখন দুই দলই হোম জার্সি ব্যবহার করেছে।

২. ভিন্ন ক্লাবের হয়ে টানা দুটি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা প্রথম কোচ টুখেল। গত মৌসুমে টুখেল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলেছিলেন পিএসজিকে।

টুখেল।
ছবি: এএফপি

৩. টুখেল কখনো বিয়ার খাননি। একবার বলেছিলেন, অ্যালকোহলে তাঁর আসক্তি শূন্যের কাছাকাছি। যদিও স্বীকার করেছেন, বড় কোনো জয়ের পর তিনি এক গ্লাস শ্যাম্পেন বা একটু–আধটু জিন চেখে দেখেছেন। একবার জার্মান গণমাধ্যমকে টুখেল বলেছিলেন, ‘জয়ের পর সবচেয়ে বিপদে পড়ি চকলেট, বাদাম আর চিপস খাওয়া নিয়ে। কখনোসখনো ফাস্ট ফুড খাই। কোনো বিশেষ মুহূর্তে হয়তো ওসব খাওয়া হয়। এবং তখন লুকিয়ে খেতে হয়।’

৪. সে তুলনায় গার্দিওলাকে বেশ খোলামেলাভাবেই উদ্‌যাপন করতে দেখা যায়। কদিন আগেই ক্লাবে ধুমিয়ে চুরুট টেনেছেন গার্দিওলা। শিষ্যদের সঙ্গেই নাচানাচি করছেন। এমনকি গানের সঙ্গে সুর মিলিয়ে গাইতেও দেখা গেছে তাঁকে, ‘আমি পার্টিতে খুব কমই মাতাল হই। আমরা তখন নাচি। একজন অন্যজনকে জড়িয়ে ধরি। উৎসবের ওই সময় ফিরে তাকালে মনে হয় সত্যিই সেগুলো চমৎকার ছিল।’

চ্যাম্পিয়নস লিগের ট্রফি।
ছবি: এএফপি

৬. চ্যাম্পিয়নস লিগের ট্রফিকে অনেকে বলে বড় কানের ট্রফি। আসলে এটার বিশাল আকারের দুটি হ্যান্ডেলের জন্যই এমন নামকরণ। ট্রফিটার উচ্চতা ৭৩ দশমিক ৫ সেন্টিমিটার। ওজন সাড়ে সাত কেজি।

৭. চ্যাম্পিয়নস ট্রফিটার নকশা করেছেন ইয়ুর্গ স্তাদেলমান। ১৯৬৭ সালে এটা তৈরি করতে তাঁর সময় লাগে ৩৪০ ঘণ্টা। একটু তাড়াহুড়ো করেই তাঁকে এটা বানাতে হয়েছিল। ট্রফি বানানো শেষে তিনি বলেছিলেন, ‘আমাকে ২৮ মার্চের মধ্যে এটা শেষ করতে হয়েছিল। কারণ, আমি ওই সময় বিয়ে করেছিলাম। স্ত্রীকে নিয়ে ১০ দিনের নৌবিহারে লস অ্যাঞ্জেলেসে যাওয়ার তাড়া ছিল আমার।’

৮. দীর্ঘ ৫১ বছর পর ইউরোপের কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। এর আগে ১৯৭০ সালে কাপ উইনার্স কাপের ফাইনালে সিটি ২–১ গোলে হারিয়েছিল গুরনিক জাবজেকে। দীর্ঘতম সময়ের ব্যবধানে ফাইনালে ওঠার রেকর্ডই গড়ে ফেলল সিটি।

মার্শমেলো গান গাইবেন আজ।
ছবি: টুইটার

৯. চ্যাম্পিয়নস লিগের ফাইনাল শুরুর ১০ মিনিট আগে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইবেন গায়ক মার্শমেলো। যুক্তরাষ্ট্রের এই ডিজে পুরো মুখটা বিচিত্র রকমের মাস্ক দিয়ে ঢেকে রাখেন। তাঁর সঙ্গে ফাইনালে গাইবেন সেলেনা গোমেজ ও ডিজে খালিদ। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ফাইনাল।

১০. ফাইনালে বাঁশি বাজাবেন স্প্যানিশ রেফারি আন্তোনিও মাতেও লাহোজ। যদিও এই রেফারিকে নিয়ে খুব বেশি সুখস্মৃতি নেই ম্যান সিটির। আগের তিনটা চ্যাম্পিয়নস লিগে এই লাহোজ তিনবার পেনাল্টির বাঁশি বাজিয়েছেন সিটির বিপক্ষে। ২০১৮ সালে কোয়ার্টার ফাইনালে লিভারপুলের কাছে হারের ম্যাচে গার্দিওলাকে বিরতির সময় ডাগ আউট থেকে গ্যালারিতে পাঠিয়ে দিয়েছিলেন তিনি। এরপর ওই রেফারিকে গার্দিওয়ালা বলেছিলেন, ‘একেবারে অন্য রকম একজন মানুষ। মনে হয় সে বিশেষ কেউ।’

১১. মাইনৎসের কোচ থাকার সময় টুখেল গার্দিওলার (তখন বায়ার্নের কোচ ছিলেন) সঙ্গে তিনবার নৈশভোজে গিয়েছিলেন। খেতে বসেও ফুটবল নিয়ে চলত তাঁদের আলোচনা। খাবার টেবিলে দুজন নিজেদের ম্যাচের কৌশল সাজাতেন কীভাবে জানেন? টেবিলের ওপরে রাখা লবণের কৌটা, মরিচদানি ও গ্লাস দিয়ে সাজাতেন নিজেদের কৌশল।

পোর্তোর ড্রাগন স্টেডিয়ামে।
ছবি: রয়টার্স

১২. চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে পোর্তোর ড্রাগন স্টেডিয়ামে। এবার মাঠে ১৬ হাজার ৫০০ জন দর্শক থাকতে পারে, যা মোট ধারণক্ষমতার এক–তৃতীয়াংশ। এর মধ্যে সিটি ও চেলসির সমর্থকদের জন্য রাখা হয়েছিল ৬ হাজার টিকিট। তবে চেলসি সমর্থকদের ৮০০ টিকিট অবিক্রীত থাকায় উয়েফাকে ফেরত দেওয়া হয়েছে। টিকিটের সর্বোচ্চ মূল্য ৫১৫ পাউন্ড এবং সর্বনিম্ন ৬০ দশমিক ৫০ পাউন্ড।

১৩. ২০১৮ সালের সেপ্টেম্বরে লিঁওর কাছে ২-১ গোলে হারের পর থেকে এ পর্যন্ত আর কোনো ম্যাচে হারেননি ম্যান সিটির পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভা। সর্বশেষ ২৬টি চ্যাম্পিয়নস লিগের ম্যাচের মধ্যে ২৩টিতেই জয়, ড্র ছিল তিন ম্যাচ। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে কোনো ফুটবলারের সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড এটি।

১৪. গার্দিওলার সঙ্গে সর্বশেষ চারবার মুখোমুখিতে একবারও হারেননি টুখেল। দুই ম্যাচ জিতেছেন। ড্র করেন দুটি ম্যাচ।

২০১৯ ফাইনালে মুখোমুখি হয়েছে দুই ইংলিশ ক্লাব।
ফাইল ছবি: রয়টার্স

১৫. তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি দুই ইংলিশ ক্লাব। এর আগে ২০০৮ সালে মুখোমুখি হয় চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। আর ২০১৯ সালে লিভারপুলের বিপক্ষে মাঠে নামে টটেনহাম হটস্পার্স। একই দেশ থেকে ফাইনালে ওঠা দুই দলের মুখোমুখি লড়াইয়ের এটা অষ্টম ঘটনা। এর আগে তিনবার করে ফাইনালে উঠেছিল স্পেনের ক্লাব। রিয়াল মাদিদ্র ও ভ্যালেন্সিয়া ২০০০ সালে মুখোমুখি হয়েছিল। ২০১৪ সালে ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় আতলেতিকো মাদ্রিদ। আর ২০১৬ সালে আবার ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল।

১৬. টুখেলের ইংরেজি ভাষা শেখার শুরু নব্বইয়ের দশকের শুরুতে। ওই সময় জার্মানির ক্লাব স্টুটগার্টে খেলতেন তিনি। ওই সময় তাঁর বন্ধু ছিলেন দক্ষিণ আফ্রিকান স্ট্রাইকার সিন দুন্দে, পরে যিনি যোগ দেন লিভারপুলে। টুখেল জার্মান, ফ্রেঞ্চ ছাড়াও টুকটাক ইতালিয়ান ও ল্যাটিন ভাষা বলতে পারেন। তবে গার্দিওলা খুব ভালোভাবেই বলতে পারেন ইংলিশ, স্প্যানিশ, ইতালিয়ান, জার্মান ও কাতালান ভাষা।

১৭. ইংল্যান্ডের নবম ক্লাব হিসেবে ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। অন্য দেশগুলোর চেয়ে অন্তত তিনবার বেশি উঠেছে ইংল্যান্ডের ক্লাব। এর আগে ছয়বার করে ফাইনালে উঠেছে জার্মানি ও ইতালির ক্লাব।