গার্দিওলা নন, রাশিয়ার পছন্দ ক্যাপেলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেপ গার্দিওলা, রাফায়েল বেনিতেজ, মার্সেলো বিয়েলসা কিংবা মার্সেলো লিপ্পি নন, রাশিয়ার প্রথম পছন্দ ইংল্যান্ডের সাবেক কোচ ফ্যাবিও ক্যাপেলো।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ক্যাপেলোকে কোচ করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রেখেছে রাশিয়ান ফুটবল ইউনিয়ন। গতকাল শুক্রবার ক্যাপেলোর সঙ্গে বৈঠক করেন দেশটির ক্রীড়ামন্ত্রী ভিতালি মুতকো। বৈঠক শেষে ফিফা নির্বাহী পরিষদের এই সদস্য জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে আলোচনা এখনো শেষ হয়নি। আগামী সপ্তাহে নতুন কোচের নাম ঘোষণা করা হবে।‘আমি মনে করি, আমাদের মধ্যে বেশ ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে আলোচনা চলবে। হাতে বেশি সময় নেই বলে আগামী সপ্তাহেই নতুন কোচের নাম ঘোষণা করব আমরা। সব কিছু ঠিকঠাক করতে আরও কয়েক দিন সময় লাগবে।’ স্থানীয় গণমাধ্যমকে বলেছেন ভিতালি মুতকো।সদ্য সমাপ্ত ইউরোর গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় রাশিয়া। এর ধারাবাহিকতায় পদত্যাগ করেন কোচ ডিক অ্যাডভোকেট। এখন নতুন কোচের সন্ধানে আছে রাশিয়া। এরই অংশ হিসেবে ১৩ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল রাশিয়া।অনেকে মনে করেছিলেন, অ্যাডভোকেটের উত্তরসূরি হিসেবে বার্সার ইতিহাসে সফলতম কোচ পেপ গার্দিওলাকে এগিয়ে রাখবে রুশ কর্মকর্তারা। ২০০৮ সালে বার্সার দায়িত্ব নিয়ে চার বছরে ১৪টি শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে গার্দিওলার। এর ওপর তাঁর হাতে এখন কোনো কাজও নেই। বার্সার দায়িত্ব ছাড়ার পর থেকে বিশ্রামে আছেন তিনি। তবে গার্দিওলাকে বাদ দিয়ে ৬৬ বছর বয়সী ক্যাপেলোর দিকেই ঝুঁকেছে রাশিয়া। গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব ছাড়া ক্যাপেলোর প্রতি বাড়তি আগ্রহের কারণটা প্রকাশ করেছেন রাশিয়ান ফুটবল ইউনিয়নের প্রধান। তিনি বলেন, ‘রাশিয়ার সঙ্গে কাজ করতে ক্যাপেলো খুব বেশি আগ্রহী। মাসের নির্দিষ্ট কয়েকটা দিন নয়, পূর্ণ মেয়াদে এখানে বাস করতে আগ্রহী তিনি। এসবই প্রমাণ করে, এখানে কাজ করার বেশ আগ্রহ রয়েছে ক্যাপেলোর।’