গার্দিওলা বায়ার্নে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোতে এবার স্পেন-জার্মানি ফাইনাল হলে পেপ গার্দিওলার মনটা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেও পারে। সামনের বছরই নাকি বায়ার্ন মিউনিখে পাড়ি জমাতে চলেছেন বার্সেলোনার বিদায়ী কোচ। কোনো পাকা খবর এখনো পাওয়া যায়নি, তবে বায়ার্ন নিশ্চিত করেছে তাদের সঙ্গে গার্দিওলার প্রাথমিক আলোচনাটা নাকি বেশ ইতিবাচকই। জার্মান পত্রিকা বিল্ড-এর তথ্যমতে, বার্সেলোনায় সাফল্যের ফুল ফোটানো কোচ নাকি উৎসাহই দেখিয়েছেন। বায়ার্নের বর্তমান কোচ ইয়াপ হেইঙ্কসের মেয়াদ শেষ হচ্ছে ২০১৩ সালে, আর গার্দিওলা এরই মধ্যে জানিয়েছেন তিনি বছর খানেক ফুটবল থেকে দূরে থাকতে চান। পত্রিকাটি মজা করে লিখেছে, ‘এই সময়টায় তিনি জার্মানও শিখে নিতে পারেন।’ দুইয়ে দুইয়ে চার মিলিয়ে মনে হচ্ছে লাম, গোমেজদের নতুন গুরু হতে যাচ্ছেন বার্সেলোনাকে দুবার চ্যাম্পিয়নস লিগ জেতানো কোচই। তবে এখনই নয়, বায়ার্ন ভক্তদের অপেক্ষায় থাকতে হবে বছর খানেক। হোলগার বাডস্টুবার অবশ্য বায়ার্নের এখনকার কোচের প্রশংসায় পঞ্চমুখ, তাঁর শূন্যতা পূরণ করাটা কঠিন হবে বলেও মনে করেন জার্মান ডিফেন্ডার, ‘হেইঙ্কসের অভিজ্ঞতার ভান্ডার দারুণ সমৃদ্ধ। তবে তাঁর জায়গায় কে আসবেন, সেটা বোর্ডই ঠিক করবে।’ এএফপি।