গার্দিওলা ভক্ত তোরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালে বার্সেলোনার কোচের দায়িত্ব নেওয়ার পর একের পর এক সাফল্যের দেখা পেয়েছেন কোচ পেপ গার্দিওলা। কাতালানদের স্প্যানিশ লিগ শিরোপা এনে দিয়েছেন তিনবার। তাদের দুইবার ইউরোপসেরার মুকুটও এনে দিয়েছেন এ সময়ের বিশ্বের অন্যতম সেরা এই কোচ। বার্সেলোনার খেলোয়াড়েরা যে গার্দিওলার অধীনে খেলতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন, এটা সহজেই অনুমান করা যায়। মেসি, জাভি, ইনিয়েস্তা, ভিয়াদের মতো খেলোয়াড়দের তিনি যেভাবে আনন্দে রাখেন, সেটা অবাক করেছে চেলসি স্ট্রাইকার ফার্নান্দো তোরেসকেও। নিজেকে গার্দিওলার একজন মন্ত্রমুগ্ধ ভক্ত হিসেবেও প্রকাশ করেছেন এই স্প্যানিশ স্ট্রাইকার।সম্প্রতি লা লিগার ওয়েবসাইটে তোরেস বলেছেন, ‘আমার মনে হয় এ মুহূর্তে শুধু স্পেনেই নয়, গোটা ইউরোপিয়ান ফুটবলেরই সেরা ক্লাব বার্সেলোনা। এই রকম একটা দলকে পরিচালনা করাটা খুব কঠিন কাজ। প্রতি বছরই শিরোপা জেতাটা মোটেও সহজ না। গার্দিওলা কীভাবে তাঁর খেলোয়াড়দের সন্তুষ্ট রাখেন, সেটা ভেবে আমি খুব অবাক হই।’তবে স্প্যানিশ শিরোপা জয়ের লড়াইটা শুধু বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে বলে মনে করেন তোরেস। ইউরোপের অন্যতম সেরা এ দুটি দল দিনে দিনে আরও শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা দিনে দিনে আরও অপ্রতিরোধ্য হয়ে উঠছে, সে জায়গায় অন্য দলগুলোর খুব বেশি অগ্রগতি নেই। যে কারণে স্প্যানিশ লিগের লড়াইটা এ দুই দলের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে।’ ওয়েবসাইট।