গার্দিওলা 'কাপুরুষ', মেসি 'স্কুলবয়'

মৃদুভাষী আর বিনয়ী হিসেবে সব জায়গায় প্রশংসাই কুড়িয়েছেন লিওনেল মেসি, জাভি, ইনিয়েস্তারা। কিন্তু জ্লাতান ইব্রাহিমোভিচের কাছে ব্যাপারটিকে মনে হয়েছে স্কুলপড়ুয়া বাচ্চাদের মতো আচরণ। আর বার্সেলোনার এই তারকা খেলোয়াড়দের সাবেক কোচ পেপ গার্দিওলা সম্পর্কে ইব্রার ধারণাটা আরও ভয়াবহ। সুইডিশ এই স্ট্রাইকারের মতে গার্দিওলা একজন ‘মেরুদণ্ডহীন কাপুরুষ’। সম্প্রতি আত্মজীবনীতে এমন মন্তব্যই করেছেন ইব্রাহিমোভিচ।
২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলেছিলেন ইব্রাহিমোভিচ। হয়তো আশা করেছিলেন বিশ্বের অন্যতম সেরা এই ক্লাবটিতে খেলার অভিজ্ঞতাটা বেশ বর্ণিলই হবে। কিন্তু ন্যু ক্যাম্পের পরিবেশটা মোটেও পছন্দ হয়নি এই সুইডিশ স্ট্রাইকারের। সেখানকার জীবনটাকে খুবই নিরানন্দ আর বিরক্তিকরই ঠেকেছে ইব্রার কাছে। বিশ্বসেরা খেলোয়াড় হিসেবে মেসি, জাভিদের আচরণটাও মেনে নিতে পারেন না প্যারিস সেইন্ট জার্মেইনের এই স্ট্রাইকার। আত্মজীবনীতে লিখেছেন, ‘মেসি, জাভি, ইনিয়েস্তাদের কেউই তারকা ফুটবলারদের মতো আচরণ করত না। মনে হতো তারা স্কুলপড়ুয়া বালক। বিশ্বের সেরা খেলোয়াড়েরা দাঁড়িয়ে থাকত মাথা নুইয়ে। যা বলা হতো, সবাই ঠিক তেমনটাই করত। আমি এগুলোর কিছুই বুঝতে পারতাম না। সেখানে মানিয়েও নিতে পারতাম না।’
২০১০ সালে বার্সেলোনা ছেড়ে এসি মিলানে পাড়ি জমানোর সময়ই গার্দিওলার সমালোচনায় মুখর হয়েছিলেন ইব্রাহিমোভিচ। গার্দিওলাই নাকি ধ্বংস করে দিয়েছিলেন তাঁর বার্সেলোনা-স্বপ্ন। আর তিন বছর পরে এসে বার্সার সাবেক এই কোচকে বললেন ‘মেরুদণ্ডহীন কাপুরুষ’। ২০০৯-১০ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হারের পর কোচকে অনেক কড়া কড়া কথা বলেছিলেন ইব্রা। জবাবে নাকি কিছুই বলেননি গার্দিওলা। এ থেকেই এমন সিদ্ধান্তে পৌঁছেছেন এই স্ট্রাইকার, ‘আমি বলেছিলাম, তুমি নরকে যাও। আমি অনেক রাগারাগি করেছিলাম। জবাবে কিছু একটা তো আপনি আশা করবেনই। কিন্তু গার্দিওলা একটা শব্দও বলেনি। সে একটা মেরুদণ্ডহীন কাপুরুষ। পরেও এ ব্যাপারে সে একটা কথাও বলেনি।’