গার্দিওলাও এখন মেসির বিরুদ্ধে!

একসময় লিওনেল মেসিই ছিলেন পেপ গার্দিওলার চোখের মণি। আর্জেন্টাইন স্ট্রাইকারের জাদুকরী পারফরম্যান্সে ভর করেই একের পর এক শিরোপা জিতেছিলেন বার্সেলোনার সাবেক কোচ। কিন্তু সেই গার্দিওলাই এখন চলে গেছেন মেসির বিরুদ্ধে। এ বছরের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা মেসি না ফ্রাঙ্ক রিবেরির হাতেই ওঠা উচিত বলে মন্তব্য করেছেন গার্দিওলা।
গত মৌসুমে প্রথমবারের মতো ট্রেবল জিতে ইতিহাস গড়েছিল বায়ার্ন মিউনিখ। সেই সাফল্যের ধারাবাহিকতা এবারের মৌসুমেও ধরে রেখেছেন গার্দিওলা। জার্মান লিগে টানা ৪০ ম্যাচে অপরাজিত আছে বাভারিয়ানরা। আর দুর্দান্ত এই পারফরম্যান্সের পেছনে রিবেরির ভূমিকাটাই সবচেয়ে বেশি বলে মনে করছেন গার্দিওলা। সে কারণে এ বছরের ব্যালন ডি’অরটাও রিবেরির হাতেই ওঠা উচিত বলে মত দিয়েছেন এই স্প্যানিশ কোচ। তিনি বলেছেন, ‘ফ্রাঙ্ক গত মৌসুমটা দারুণ কাটিয়েছে। এই বছরও আমরা এই অবস্থানে আসার পেছনে বড় ভূমিকা তার। অবশ্যই অন্যরাও খুব ভালো খেলেছে। কিন্তু ফ্রাঙ্ক সবাইকেই ছাড়িয়ে গেছে। স্বাভাবিকভাবেই সে বর্ষসেরা পুরস্কারের প্রধান দাবিদার। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার সে নিজের পারফরম্যান্স নিয়ে খুবই খুশি। পুরস্কারটা জিতুক বা হারুক, তাতে কিছুই যাবে আসবে না। তার সম্পর্কে আমাদের চিন্তাভাবনাও বদলাবে না।’
জার্মান লিগের শেষ ম্যাচে ওয়েডার ব্রেমেনের বিপক্ষে ৭-০ গোলের বিশাল ব্যবধানের জয় পেয়েছে বায়ার্ন। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই দুটি গোল করেছেন রিবেরি।