গার্দিওলাকে অপমান করেছিলেন মেসি!
কোচ দলের অভিভাবক। আর ফুটবল কোচ তো দলের সর্বময় ক্ষমতার অধিকারী। সেই কোচের সামনেই তাঁর নিষেধ উপেক্ষা করা তো তাঁকে অপমান করাই। পেপ গার্দিওলাকে ঠিক এটাই নাকি করেছিলেন লিওনেল মেসি! গাঁজাখুরি শোনাচ্ছে কথাটা? কিন্তু নিউইয়র্ক রেড বুলসের সাবেক কোচ হানস ব্যাক এমন দাবিই করেছেন।
কী করেছিলেন মেসি? সুইডিশ টিভি ফোরকে ব্যাক ২০০৯ সালের যে ঘটনাটা জানিয়েছেন, তা এ রকম, ম্যাচ শুরুর তখন বাকি তিন ঘণ্টা। মেসি একটা কোকের ক্যান চেয়েছিলেন। গার্দিওলা সঙ্গে সঙ্গেই ‘ভেটো’ দিলেন, খেলা শুরুর আগে কোকজাতীয় কিছু খাওয়া চলবে না। এরপর মেসি উঠে গিয়ে কিছুক্ষণ পর একটা ক্যান নিয়ে এলেন। তারপর সতীর্থদের সামনেই গার্দিওলাকে দেখিয়ে ঢকঢক করে তা গলায় ঢাললেন। ব্যাক বলেছেন, ‘কল্পনা করুন তো মেসির মতো একজন খেলোয়াড় এভাবে কোচকে বুড়ো আঙুল দেখালে কী হতে পারে?’ তবে গার্দিওলা তখন কিছু করেননি বা যা করা উচিত করতে পারেননি। ব্যাকের মতে, মেসিকে শাস্তি দেওয়ার মতো অবস্থা সে সময় গার্দিওলার ছিল না।
প্রশ্ন করতেই পারেন, এই ব্যাক লোকটা আবার কে? আর বার্সার হাঁড়ির খবরই তিনি জানেন কীভাবে? খবরটা কোন সূত্র থেকে পেয়েছেন সেটা জানাননি ব্যাক। তবে ধারণা করা হচ্ছে, রেড বুলের দুই খেলোয়াড় থিয়েরে অঁরি বা রাফায়েল মার্কেজই এই খবরের উৎস। এই দুই খেলোয়াড়ই সে সময় খেলতেন গার্দিওলার বার্সায়। ওয়েবসাইট।