গার্দিওলাকে অবজ্ঞা করেছেন মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচ পেপ গার্দিওলাকে অবজ্ঞা করেছেন লিওনেল মেসি! গার্দিওলার ‘বিদায়’ ঘোষণার সংবাদ সম্মেলনে মেসি উপস্থিত না হওয়ায় এমন অভিযোগই তুলেছেন সমালোচকেরা। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বার্সার অধিনায়ক কার্লোস পুয়োল।‘সংবাদ সম্মেলনে দলের অধিনায়কের অংশ নেওয়াটাই রীতি, আর সেটাই হয়েছে। লিও ইচ্ছে করেই সেখানে যায়নি। গার্দিওলা ও লিওর মধ্যে কোনো বিবাদ নেই।’ গতকাল সাংবাদিকদের বলেছেন পুয়োল।চার বছরে ১৩টি শিরোপা এনে দিয়েছেন গার্দিওলা। তাঁর অধীনেই ২০০৯ সালে এক বছরে ছয়টি ক্লাব টুর্নামেন্টের সব কটি জেতার বিরল রেকর্ড গড়ে স্প্যানিশ জায়ান্ট বার্সা। অথচ বার্সার ইতিহাসে সফলতম কোচ পেপ গার্দিওলা ক্লাব ছাড়লেন দুঃখ নিয়ে—পর পর দুটি শিরোপা হাতছাড়া হয়ে যাওয়ার দুঃখ। নিজের ক্লান্তি আর বার্সার ভবিষ্যতের কথা জানিয়ে গত শুক্রবার বিদায়ের ঘোষণা দেন গার্দিওলা।গার্দিওলার বিদায় ঘোষণার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কার্লোস পুয়োল, জাভি, ভিক্টর ভালদেস ও ইনিয়েস্তা। তাঁরা বিষণ্ন মুখে শুনেছেন গুরুর বিদায় ঘোষণা। তবে সেখানে উপস্থিত ছিলেন না তাঁর সবচেয়ে কাছের শিষ্য মেসি। পরে এক বার্তায় গার্দিওলার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেছেন, ‘আমি এতটাই আবেগে ভেসে যাচ্ছি যে আমার এই চেহারা সংবাদ সম্মেলনে দেখাতে চাই না। কারণ জানি, খেলোয়াড়দের কান্নামাখা মুখ খুঁজবে ক্যামেরা। আমি সেটা দেখাতে চাইনি।’গার্দিওলার উত্তরসূরি হিসেবে তাঁর সহকারী টিটো ভিলানোভার নাম ঘোষণা করেছে বার্সা। নতুন কোচ ভিলানোভার প্রতিও পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন ৩৪ বছর বয়সী পুয়োল, ‘দলকে টিটোর চেয়ে বেশি কেউ চেনে না। গার্দিওলার অসমাপ্ত কাজ চালিয়ে যেতে তিনিই আদর্শ ব্যক্তি।’ সূত্র: ওয়েবসাইট।