গার্দিওলাকে উত্তরসূরি ভাবছেন ফার্গুসন!
হোসে মরিনহো নিজের এই চাওয়াটার কথা অনেকবারই বলেছেন। নিজের সমৃদ্ধ কোচিং ক্যারিয়ারে একটা পালক যুক্ত করতেই চান। ম্যানচেস্টার ইউনাইটেডে স্যার অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরি হওয়া। কিন্তু ইএসপিএন কাল যে খবর দিল, তাতে মনে হচ্ছে এখানেও পেপ গার্দিওলার কাছে হারতে চলেছেন ‘স্পেশাল ওয়ান’। কারণ ফার্গুসন নিজে তাঁর উত্তরসূরি হিসেবে গার্দিওলাকেই নাকি বেশি পছন্দ করছেন।কদিন বাদে ওল্ড ট্রাফোর্ডে নিজের ২৬ বছর পূর্ণ করতে চলা ফার্গুসন আর খুব বেশি দিন থাকবেন না এই পদে। স্বাভাবিকভাবেই কে তাঁর শূন্যস্থান পূরণ করবেন, তা নিয়ে এখনই ভাবছেন ইউনাইটেডের নীতিনির্ধারকেরা। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, নিউইয়র্কে ফার্গুসন আর গার্দিওলার একটি অনানুষ্ঠানিক বৈঠকও হয়েছে। আনুষ্ঠানিক না হলেও কথা প্রসঙ্গে ফার্গুসন নিজের পছন্দের বিষয়টি গার্দিওলাকে জানিয়েছেনও। ইএসপিএন সূত্র জানিয়েছে, ইউনাইটেডের প্রধান নির্বাহী ডেভিড গিল ও মালিক গ্লেজার পরিবারের এক প্রতিনিধিও দেখা করেছেন বার্সার সাবেক কোচের সঙ্গে। বার্সাকে চার বছরে ১৩টি শিরোপা এনে দেওয়া গার্দিওলাকে নিয়ে এ মুহূর্তে বায়ার্ন মিউনিখ ও এসি মিলানের কোচ হওয়া নিয়ে গুঞ্জন আছে। শেষ পর্যন্ত এক বছরের চুক্তিতে চেলসির দায়িত্ব রবার্তো ডি মাত্তেও পেলেও সামনের বছরেই গার্দিওলাকে দেখা যেতে পারে বলেও গুঞ্জন। তবে গার্দিওলা নিজে ইউনাইটেডের ব্যাপারে আগ্রহী। তাঁর দর্শনের সঙ্গে ইউনাইটেডের দর্শনই সবচেয়ে মেলে বলে এখন দুই পক্ষই নাকি উৎসাহী। মরিনহোর ব্যাপারে ফার্গুসন ইতিবাচকই ছিলেন। তবে ক্লাবের নীতিনির্ধারকদের একজন ববি চার্লটনের নাকি মরিনহোকে পছন্দ হয় না। তা ছাড়া তরুণ ও উদীয়মান প্রতিভার ব্যাপারে গার্দিওলার বিশেষ আকর্ষণও তাঁর জন্য প্লাস পয়েন্ট হয়েছে। ইউনাইটেডও প্রতিষ্ঠিত তারকা কেনার চেয়ে উঠতি প্রতিভায় বিনিয়োগে বেশি আগ্রহী।খেলোয়াড় গার্দিওলাকেই কিনে আনতে চেয়েছিলেন ফার্গুসন। সেই চাওয়া পূরণ হয়নি। দেখা যাক, কোচ গার্দিওলা সত্যিই আসেন কি না! ওয়েবসাইট।