গার্দিওলাকে চাইছেন আব্রামোভিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর চেলসি কিনে নেওয়ার ১০ বছর পূর্তি হচ্ছে আগামী বছর। এক দশক পরে রোমান আব্রামোভিচ একেবারে নতুন করে ঢেলে সাজাতে চান দল। নতুন এই যাত্রাপথে পেপ গার্দিওলাকেই নাকি চাইছেন তিনি। বার্সেলোনার ‘টিকি টাকা’ পাসিং ফুটবল খুব মনে ধরেছে চেলসি মালিকের। তাঁর ইচ্ছা, চেলসিকেও বার্সার মতো একটি ক্লাব বানিয়ে দিন গার্দিওলা। এবং অবশ্যই এ ক্ষেত্রে ‘মানি ইজ নো প্রবলেম’!প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ লিখেছে, এ পর্যন্ত আব্রামোভিচ যা করেননি, গার্দিওলাকে কোচ হিসেবে পেতে সেই ছাড়টাই দিতে চলেছেন। মালিক হিসেবে সব সময়ই ক্লাবে তাঁর মতামত প্রতিফলিত হয়েছে। তবে আব্রামোভিচের প্রতিনিধিরা গার্দিওলাকে নিশ্চিত করেছেন, কোচ হিসেবে এলে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে তাঁকে। টেরি-ল্যাম্পার্ড-দ্রগবারা ক্যারিয়ারের বিদায়বেলায় পা রেখেছেন। ফলে একগাদা নতুন খেলোয়াড়ও কিনবে চেলসি। আর কাকে কেনা হবে, কাকে বেচে দেওয়া হবে, সেই পূর্ণ স্বাধীনতাও পাবেন গার্দিওলা।স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস-এর খবর, গত ফেব্রুয়ারিতে প্যারিসে আব্রামোভিচ নিজে গার্দিওলার সঙ্গে বৈঠক করে প্রস্তাব দিয়েছেন। গার্দিওলা অবশ্য চেলসির প্রস্তাবে সাড়া দেননি। আগামী মৌসুমে কোচ হিসেবে কোনো দলেরই দায়িত্বে থাকবেন না, এটি পরশু বিদায় ঘোষণার সময়ই নিশ্চিত করে দিয়েছেন। এও বলেছেন, বার্সার কাছ থেকে এভাবে ছুটি নিয়ে চেলসির কোচ হওয়াটা হবে পুরোনো ক্লাবের প্রতি অসম্মান দেখানো।তবে গার্দিওলার মত পাল্টানোর চেষ্টা চেলসি করে যাবে বলেই জানাচ্ছে টেলিগ্রাফ। শিগগিরই চেলসির বেশ কজন উচ্চপদস্থ কর্মকর্তা গার্দিওলার সঙ্গে আবারও বৈঠক করবেন বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে। এই খবর সত্যি হলে রবার্তো ডি মাত্তেওর মন খারাপ হওয়ারই কথা। আন্দ্রে ভিলাস-বোয়াস যে দলটিকে প্রায় ডুবোচরে রেখে গিয়েছিলেন, সেই দলকেই টেনে তুলেছেন ডি মাত্তেও। ভারপ্রাপ্ত কোচ হিসেবে আসার পর চেলসিকে চ্যাম্পিয়নস লিগ আর এফএ কাপের মতো দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ফাইনালে তুলেছেন। পরশু ইংলিশ মিডিয়া ডি মাত্তেওর কাছেও তুলেছিল গার্দিওলার ব্যাপারে আব্রামোভিচের আগ্রহের ব্যাপারটি। মাত্তেও প্রসঙ্গটি এড়িয়ে গেছেন, ‘গার্দিওলা সব কোচের জন্যই একজন আদর্শ। এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি যে সাফল্য এনে দিয়েছেন, তা আর কারও পক্ষে করে দেখানো অসম্ভব। এই মৌসুমের শেষ পর্যন্ত চেলসিকে পথ দেখানো আমার দায়িত্ব। আমি তাতেই খুশি। এর পর যাতে মঙ্গল হয় তা মাথায় রেখেই ক্লাব সিদ্ধান্ত নেবে।’এদিকে বার্সা এখনো শোকে কাতর। অধিনায়ক কার্লোস পুয়োল বিদায়ী বার্তায় শ্রদ্ধা জানিয়েছেন গার্দিওলাকে, ‘আপনিই আমাদের পথ দেখিয়েছেন। এই কয়েকটি বছর দলের জন্য আপনি যা করেছেন, তার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা।’ দানি আলভেজ বলেছেন, ‘যে সিদ্ধান্ত পেপ নিলেন তা আমাদের জন্য সত্যিই বেদনার। তিনি সব সময়ই আমাদের তাঁর সন্তানের মতো দেখেছেন।’ সেস ফ্যাব্রিগাসের বার্তা, ‘তাঁর অধীনে মাত্র এক বছর খেলেছি, তার পরও মনে হয় যেন কত বছর খেলেছি। যখন ছোট ছিলাম, পেপই ছিলেন আমার হিরো।’নতুন কোচ টিটো ভিলানোভার প্রতিও পূর্ণ সমর্থন জানিয়েছেন বার্সার তারকারা। গার্দিওলাও এই বলে প্রত্যয় করছেন, ‘সেই এই কাজের যোগ্য, খেলোয়াড়েরাও এরই মধ্যে ওর সঙ্গে ভালোমতোই পরিচিত। আমরা দুজন মিলেই বার্সার খেলার এই ধারণা তৈরি করেছি। বলতে পারেন আমি ছিলাম স্রেফ এর মুখপাত্র। ও এই দল আর খেলোয়াড়দের সেসব দিতে পারবে, যা আমি আর দিতে পারছিলাম না।’ এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।