গার্দিওলাকে ছুঁলেন ভিলানোভা
টিটো ভিলানোভা বার্সার দায়িত্ব নেওয়ার সময়ই প্রশ্নটা জেগেছিল—তিনি কি পূর্বসূরি পেপ গার্দিওলার সফলতার ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন? ভিলানোভা যুগের ভবিষ্যত্ সফলতা নিয়ে শুরুতে অনেকের মাঝেই সংশয় ছিল। তবে সংশয়বাদীদের সংশয়ের জবাব নিজের পারফরম্যান্স দিয়েই দিয়েছেন ভিলানোভা।সত্যি বলতে, গার্দিওলার সাফল্যের সঙ্গে পাল্লা দিয়ে লড়ে চলেছেন তাঁর এক সময়কার সহকারী ভিলানোভা। গার্দিওলা যুগের সবচেয়ে ভালো মৌসুম শুরুর রেকর্ড ছুঁয়েছেন গতকাল। সেভিয়ার বিপক্ষে ৩-২ গোলের জয়টা লা লিগায় বার্সার টানা ষষ্ঠ জয়। ২০০৯-১০ মৌসুমেও লিগে প্রথম ছয়টি ম্যাচ জিতেছিল গার্দিওলার দল। গার্দিওলাকে এখন ছাড়িয়ে যাওয়ার পালা ভিলানোভার।গত ২৭ এপ্রিল সংবাদ সম্মেলনে বার্সেলোনা থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন গার্দিওলা। নিজেদের ইতিহাসে সেরা এই কোচের উত্তরসূরি নির্বাচন করতে এতটুকু সময় নেয়নি বার্সা। গার্দিওলার বিদায় ঘোষণার সঙ্গে সঙ্গে তাঁর সহকারী টিটো ভিলানোভাকে নতুন কোচ হিসেবে ঘোষণা করে ক্লাবটি।গণমাধ্যমে গুঞ্জন ছিল, গার্দিওলার সঙ্গে কোনো আলোচনা ছাড়াই নতুন কোচের নাম ঘোষণা করেছিল বার্সা। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়ে গার্দিওলা বলেছিলেন, ‘চেলসির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার পরই আমি টিটোকে ফোন করি। তাঁকে বলেছিলাম, আমার বিদায় নেওয়ার সময় এসে গেছে। ক্লাব তোমাকে প্রস্তাব দিতে চলেছে। এখন সিদ্ধান্ত তোমার। তবে যে সিদ্ধান্তই নাও না কেন, আমি তোমার সঙ্গে আছি।’গার্দিওলা শেষবারের মতো বার্সার ডাগ আউটে দাঁড়িয়েছিলেন গত ২৫ মে। কোপা ডেল রে’র ফাইনালে। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে চার বছরের সম্পর্কের ইতি ঘটার রাতে শিষ্যদের নিয়ে শিরোপা জয়ের আনন্দে মেতেছিলেন গার্দিওলা।২০০৮ সালে দায়িত্ব নিয়ে বার্সেলোনাকে ১৪টি শিরোপা এনে দেন গার্দিওলা। শেষ মৌসুমটা অবশ্য ভালো কাটেনি তাঁর। শীর্ষ দুটি শিরোপা—স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ দুটিই অধরা থেকে যায়। তবে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে বিদায়ী ম্যাচে শিরোপার দেখা পান তিনি। ২০০৯ সালে বিলবাওকে হারিয়েই বার্সেলোনার হয়ে প্রথম শিরোপা জিতেছিলেন গার্দিওলা।