গার্দিওলাকে ছোঁয়া হলো না মার্টিনোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্টিনোর চোখেমুখে হতাশা। আয়াক্সের বিপক্ষে ম্যাচ চলার সময়। ছবি: রয়টার্স।
মার্টিনোর চোখেমুখে হতাশা। আয়াক্সের বিপক্ষে ম্যাচ চলার সময়। ছবি: রয়টার্স।

একটুর জন্য হলো না! অবশেষে থামল জেরার্ডো মার্টিনোর অপরাজেয় রথের যাত্রা। মার্টিনোর সামনে সুযোগ এসেছিল পেপ গার্দিওলার রেকর্ড ছোঁয়ার। কিন্তু মাত্র এক ম্যাচের জন্য পারলেন না। টানা ২১ ম্যাচে অপরাজিত থাকার গার্দিওলার রেকর্ডটা তাই ছোঁয়া হলো না কাল বার্সেলোনা আয়াক্সের কাছে ২-১ গোলে হেরে যাওয়ায়।
২০১১-১২ মৌসুমে রেকর্ডটি করেছিলেন গার্দিওলা। আয়াক্সের বিপক্ষে মাঠে নামার আগেই অবশ্য মার্টিনো জানিয়ে দেন, ওই রেকর্ড নিয়ে মাথা ঘামাচ্ছেন না তিনি। গার্দিওলাকে ছুঁতে ব্যর্থ হওয়ার পর এ নিয়ে আর্জেন্টাইন কোচের প্রতিক্রিয়াও জানা যায়নি।
বার্সার দায়িত্ব নেওয়ার পর প্রথম হারের স্বাদ পেয়ে অবশ্য কোনো অজুহাত দাঁড় করাননি মার্টিনো। স্বীকার করেছেন, বার্সার খেলায় গতির অভাব ছিল। তুলনামূলক দ্রুতগতির ও ভালো খেলা খেলেই জয় তুলে নিয়েছে ডাচ চ্যাম্পিয়ন আয়াক্স। মার্টিনো বলেছেন, ‘আমাদের গতির অভাব ছিল। স্পষ্টতই আয়াক্স আমাদের চেয়ে বেশি গতিময় ছিল। সব দিকেই ওরা তুলনামূলক এগিয়ে ছিল।’
মেসি-বিহীন বার্সেলোনার বিপক্ষে খেলার প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় আয়াক্স। মার্টিনো মনে করেন, প্রথমার্ধেই আসলেই হেরে বসে বার্সা, ‘খেলায় হার-জিত থাকবেই। তবে হারের চেয়েও প্রথম ৪৫ মিনিটে আমাদের পারফরম্যান্স কাটাছেঁড়া করে দেখতে হবে। প্রথমার্ধেই ওরা আমাদের সঙ্গে ব্যবধানটা গড়ে দেয়।’
শেষ ৪০ মিনিট ১০ জনের দল নিয়ে খেলে আয়াক্স। এর পরও বার্সার ড্র করতে না পারাটা বিস্ময়কর। মার্টিনো নিজেও স্বভাবতই হতাশ। তবে এর একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন বার্সা কোচ, ‘প্রথম চার ম্যাচেই শেষ ১৬ নিশ্চিত করেছিলাম আমরা। সম্ভবত এ কারণে নির্ভার খেলোয়াড়েরা অতটা উজ্জীবিত ছিল না। তবে আজ জয় পেলে গ্রুপের শীর্ষস্থানটা নিশ্চিত হতো আমাদের। সেটা হলো দারুণ হতো।’
চ্যাম্পিয়নস লিগের ‘এইচ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে গ্রুপ পর্ব শেষ করার বার্সার আশা অবশ্য এখনো শেষ হয়ে যায়নি। গ্রুপ পর্বে আরেকটি ম্যাচ বাকি আছে বার্সার। মার্টিনোর সামনেও সুযোগ থাকছে গার্দিওলার আসলে যে কীর্তি তিনি ছুঁতে চান, সেটা স্পর্শ করার। এক বছরে ছয়টি ক্লাব শিরোপার সবগুলোই যে জিততে চান টাটা!
সূত্র: ক্রিকইনফো।
শুধু ক্রিকেটের সর্বশেষ স্কোর জানতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে। যেকোনো খেলার আপডেট পেতে S লিখে এসএমএস করুন 2221 নম্বরে।