গার্দিওলাকে নিয়ে বার্সার ভয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেন স্বর্গ থেকে নিয়ে আসা অভয়মন্ত্রে সর্বজয়ী একটা দল বানিয়ে দিয়েছিলেন বার্সেলোনাকে। সেই পেপ গার্দিওলাকে নিয়েই এখন ভয় বার্সার! এক বছরের ছুটি কাটিয়ে আগামী বছরই আবার কাজে ফিরবেন বলে জানিয়েছেন গার্দিওলা নিজেই। বার্সার হয়ে তাঁর এত এত সাফল্য, চার বছরে ১৪টি ট্রফি। স্বাভাবিকভাবেই গার্দিওলাকে লুফে নিতে চাইবে বড় বড় ক্লাব। চেলসির সঙ্গে তাঁর নাড়া বাঁধার খবর পুরোনোই। কয়েক দিন আগে শোনা গেল, ম্যানচেস্টার সিটিই নাকি তাঁর ঠিকানা। এখন শোনা যাচ্ছে বায়ার্ন মিউনিখের নামও। গার্দিওলা চেলসিতে যান, সিটি কিংবা বায়ার্ন; বার্সার জন্য দুশ্চিন্তা একটাই—পুরোনো শিষ্যদের না নিয়ে যান সেখানে।ক্লাব পাল্টানোর সঙ্গে সঙ্গে কোচেরা তাদের সাবেক শিষ্যদেরও টেনে আনার চেষ্টা করেন। রিয়াল মাদ্রিদে আসার পর হোসে মরিনহো চেলসি থেকে ‘ভাগিয়ে’ নিয়ে এসেছেন কারভালহো-এসিয়েনদের। মারিও বালোতেল্লি নামের ‘ঝামেলা’টাকে রবার্তো মানচিনিই সিটিতে নিয়ে এসেছেন ইন্টার মিলান থেকে। পেশাদারি দুনিয়ায় আবেগের জায়গা সামান্যই। বার্সার প্রতি ভালোবাসাকে তালাবন্দী রেখে গার্দিওলা নিশ্চয়ই চাইবেন তাঁর নতুন মিশনের সাফল্য। আর সেই সাফল্যের প্রয়োজনে বার্সা থেকে খেলোয়াড় টান দেওয়ার চিন্তাভাবনা করতেই পারেন। এটা নিয়েই আশঙ্কা বার্সার। বার্সা সভাপতি সান্দ্রো রসেল অবশ্য একটা নরম-সরম অনুরোধ করে রেখেছেন গার্দিওলার উদ্দেশে, ‘বার্সার সব সমর্থকের জন্যই পেপকে অন্য কোনো দলের হয়ে কাজ করতে দেখাটা হবে কঠিন। আমরা একসময় অভ্যস্তও হয়ে যাব নিশ্চয়ই। তবে আমার আশা, যখন ও নতুন কিছু করবে, সেই সময় ওর চোখ আমাদের বদলে অন্য ক্লাবের খেলোয়াড়দের দিকেই থাকবে।’রসেল অবশ্য আশাবাদী, বার্সার প্রতি আনুগত্য অটুট থাকবে বর্তমান খেলোয়াড়দের। শুধু খেলোয়াড় নয়, কোচিং স্টাফদের প্রতিও এই আস্থা আছে সভাপতির। বার্সার সাবেক পরিচালক ফেরান সরিয়ানো এবং ক্রীড়া পরিচালক টিজিকি বেজিরিস্তেইন ম্যানচেস্টার সিটিতে চলে গেলেও বার্সা থেকে কাউকে প্রলুব্ধ করতে পারেননি। এই উদাহরণ দিয়ে রসেল বলছেন, ‘আমাদের খেলোয়াড়ের ওপর আমার আস্থা আছে। কেউ যাবে বলে আমার মনে হয় না। আমাদের ক্লাবের সব পর্যায় থেকেই লোক নেওয়ার জন্য সিটি বিশাল বিশাল সব প্রস্তাব দিয়েছিল। কিন্তু কেউ যেতে চায়নি। তারা টোপ ফেলেছিল, কিন্তু কেউ সেটা গেলেনি।’কিন্তু ওই দুজন আর গার্দিওলা কি এক? জাভি-মেসিদের ওপর গার্দিওলার যা প্রভাব, সেটি নিশ্চয়ই সরিয়ানোদের নেই। তবে বার্সার জন্য আশার কথা, গার্দিওলাকে মেসি-জাভিরা যতটা ভালোবাসেন, তার চেয়েও বেশি ভালোবাসেন শৈশবের ক্লাব বার্সাকেই। রয়টার্স।