গার্দিওলাকে বোঝেন দেল বস্ক
গত এক সপ্তাহেই অনেক কিছু ওলটপালট হয়ে গেছে বার্সেলোনায়। প্রথমে রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে স্প্যানিশ লিগের শিরোপাটা হাতছাড়া হয়েছে, উয়েফা চ্যাম্পিয়নস লিগেও চেলসির কাছে হেরে ধূলিসাত্ হয়েছে শিরোপা জয়ের স্বপ্ন। আর গতকাল বার্সা সমর্থকদের আরও একটা দুঃসংবাদ শুনিয়েছেন কোচ পেপ গার্দিওলা। এই মৌসুমের শেষেই কাতালানদের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ক্লাবটির সফলতম এই কোচ। অনেকেই গার্দিওলার এই সিদ্ধান্তটা মেনে নিতে না পারলেও তাঁর প্রতি সমবেদনা জানিয়েছেন ভিসেন্তে দেল বস্ক। গার্দিওলাকে শুভকামনাও জানিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী দলের কোচ।স্প্যানিশ বার্তা সংস্থা ইএফইকে দেওয়া সাক্ষাত্কারে দেল বস্ক বলেছেন, ‘বার্সেলোনার একজন সদস্য হিসেবেই পেপ এই সিদ্ধান্তটা নিয়েছেন। এখানে তাঁর সিদ্ধান্তের প্রতি সম্মান জানানো ছাড়া আর কিছুই করার নেই। বার্সা ও নিজের জন্য যেটা ভালো বলে মনে করেন, তিনি সেটাই করেছেন। আমি তাঁর জায়গাটা বুঝতে পারি। তাঁর প্রতি শুভকামনা জানাচ্ছি।’গার্দিওলার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছেন তাঁর সহকারী কোচ টিটো ভিলানোভা। আগামী মৌসুম থেকেই কাতালানদের দায়িত্ব গ্রহণ করবেন তিনি। বার্সার নতুন কোচ নিয়োগের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করেননি দেল বস্ক। তিনি বলেছেন, ‘আমি ক্লাবটির সদস্য না। কাজেই তাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করাটা ঠিক হবে না।’উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে। তবে এই দুই দলেরই ফাইনালে যাওয়া উচিত ছিল বলে মনে করেন দেল বস্ক। তিনি বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা—এ দুটি ক্লাবেরই ফাইনালে খেলা উচিত ছিল।’