গার্দিওলাকে ব্রাজিলে চান রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে দলের বাজে পারফরম্যান্সের কারণে কোচ মেনো মেনজেসকে বরখাস্ত করেছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন। এখন পাঁচবারের বিশ্বকাপজয়ীরা বেশ জোরেশোরেই নেমেছে নতুন কোচের সন্ধানে। আর ব্রাজিলের পরবর্তী কোচ হিসেবে পেপ গার্দিওলাই আদর্শ মানুষ হিসেবে মনে করছেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো। বার্সেলোনার সাবেক এই কোচই ফুটবল অঙ্গনে আবারও ব্রাজিলের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবেন বলে মন্তব্য করেছেন বিশ্বকাপের সর্বোচ্চ এই গোলদাতা। বার্সেলোনাকে বিশ্বের অন্যতম সেরা ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করে এই বছরের জুনে কোচের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান পেপ গার্দিওলা। এখন পর্যন্ত নতুন কোনো জায়গায় কোচ হিসেবে দায়িত্বও গ্রহণ করেননি এ সময়ের অন্যতম সফল এই কোচ। আর এখন ব্রাজিলই তাঁর নতুন ঠিকানা হতে পারে বলে আশা করছেন রোনালদো। ব্রাজিলের সাবেক এই তারকা স্ট্রাইকার বলেছেন, ‘সবাই কিছু কিছু সময়ে অধৈর্য হয়ে যায়। কিন্তু সব সময়ই আপনাকে সামনে বড় লক্ষ্যের দিকে তাকাতে হবে। ব্রাজিলের আবার সঠিক পথে ফিরে আসাটা এই মুহূর্তে জরুরি। আমরা এখানে অনেক ভালো ভালো কোচ পেয়েছি। আর এখন আমাদের এমন কাউকে দরকার, যিনি খুব ধীরস্থিরভাবে দলকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। আমার মনে হয় ব্রাজিলের জন্য এখন গার্দিওলাই সবচেয়ে ভালো কোচ হতে পারবেন। তিনি বার্সেলোনার হয়ে অসাধারণ কাজ করেছেন। একই সাফল্যের ধারাবাহিকতা তিনি ব্রাজিলের ক্ষেত্রেও ধরে রাখতে পারবেন।’তবে ব্রাজিল ছাড়াও এই মুহূর্তে পেপ গার্দিওলাকে কোচ হিসেবে পেতে চাইছে ইউরোপের বেশ কয়েকটি শীর্ষ ক্লাব। এবারের মৌসুমের শেষে চেলসি গার্দিওলাকে কোচ হিসেবে নিয়োগ দিতে পারে বলে জোর কথাবার্তা চলছে ফুটবল বিশ্বে। ইএসপিএন।