গার্দিওলাকে মরিনহোর শুভকামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো কিছুদিন আগেই ঘোষণা দিয়েছিলেন বাকি মৌসুমে লা লিগা-সংক্রান্ত কোনো ব্যাপারে সংবাদ সম্মেলনে অংশ নেবেন না। কিন্তু এই পর্তুগিজ কোচ তাঁর সেই প্রতিজ্ঞা ভাঙলেন গতকাল মঙ্গলবার। হঠাত্ করেই মাদ্রিদে সাংবাদিকদের ডেকে পাঠালেন। সবাইকে একত্র করে জানিয়ে দিলেন বার্সেলোনার বিদায়ী কোচ পেপ গার্দিওলার প্রতি তাঁর অন্তরের শুভেচ্ছা।‘গার্দিওলার বিদায় ঘোষণার ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। এটা একান্তই তাঁর সিদ্ধান্ত। ফুটবল কোচের চাকরি অস্থায়ী একটা ব্যাপার। যেকোনো সময়ই এই চাকরি চলে যেতে পারে। কিন্তু গার্দিওলার ব্যাপারটি অন্যরকম। সে নিজের ইচ্ছাতেই চাকরি ছেড়ে দিচ্ছে।’ মরিনহোর মন্তব্য। তিনি আরও বলেন, ‘সে (গার্দিওলা) যদি তাঁর সিদ্ধান্তের ব্যাপারে সন্তুষ্ট থাকে, তাহলে অবশ্যই কারোরই আর কিছু বলার থাকে না।’মরিনহো সংবাদ সম্মেলনে নিজের ইচ্ছাতে আসবেন আর সাংবাদিকেরা তাঁকে সামনে পেয়ে কোনো প্রশ্ন জিজ্ঞেস করবেন না, তা তো হয় না। কালও এমন কিছু প্রশ্নের উত্তর সচেতনভাবে এড়িয়ে গেলেন মরিনহো। তাঁকে প্রশ্ন করা হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার নতুন কোচ টিটো ভিলানোভা সম্পর্কে। ট্যাকটিশিয়ান মরিনহো স্মিতহাস্যে জানিয়ে দিলেন, প্রতিপক্ষের কোচ নিয়ে তিনি কোনো মন্তব্যই করবেন না। ‘এটা বার্সেলোনার সিদ্ধান্ত। বার্সেলোনা ভিলানোভাকে যোগ্য মনে করেই এই পদে নিয়োগ দিয়েছে। আমি তাঁর সম্পর্কে কিছুই বলব না।’ মরিনহোর সাফ কথা।কিছুটা রসিকতা করেই মরিনহো বলেছেন, ‘বার্সেলোনার নতুন কোচের আমি সাফল্য কামনা করব না। এটা বোধগম্য কারণেই। তাঁরা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী।’আগামী বুধবার অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন মরিনহো। ওই ম্যাচটি জিতলেই হোসে মরিনহোর নেতৃত্বে স্প্যানিশ লা লিগার শিরোপা জিতে যাবে রিয়াল মাদ্রিদ। এই পর্তুগিজ কোচও ইংলিশ ও ইতালীয় লিগের পর স্প্যানিশ লিগে পাবেন লিগ শিরোপা জেতানোর কৃতিত্ব। বিশ্বের সেরা তিন লিগে তিন জায়ান্টকে শিরোপা জেতানোর রেকর্ড আর কোন কোচের আছে, সেটা কিন্তু পরিসংখ্যানবিদদের জন্য বিস্তর গবেষণার একটা ব্যাপার। এ অসাধারণ সাফল্য হাওয়ায় ওড়াচ্ছে মরিনহোকে। কিছুটা আপ্লুত হয়েই তিনি জানিয়েছেন, ‘আমার কোচিং ক্যারিয়ারে এ এক বিরাট পাওয়া।’মরিনহো কেবল এই এক বাক্যেই উত্তরটা দিয়ে দেননি। বলেছেন, ‘আমি আসলে এটা নিয়ে এ মুহূর্তে ভাবছি না। আগে বুধবার আসুক। অ্যাটলেটিকো বিলবাওয়ের সঙ্গে ম্যাচটা খেলি, জিতি এরপর লিগ শিরোপা নিয়ে কথা বলা যাবে। আমি উদযাপনে একেবারেই পারদর্শী না। তবে হ্যাঁ, এটা বলতে পারি বিশ্বের সেরা তিনটি লিগেই শিরোপা জেতার একটা স্বপ্ন অনেক আগে থেকেই লালন করেছি আমি।’ ওয়েবসাইট।