গার্দিওলাকে মরিনহোর ‘শুভকামনা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেলসির কোচ হিসেবে বিদায় ঘোষণার দিন তাঁকে প্রশ্ন করা হয়েছিল, এরপর সবচেয়ে বেশি কী মিস করবেন? উত্তর দিয়েছিলেন, ‘অ্যালেক্স ফার্গুসন, আর্সেন ওয়েঙ্গার আর রাফা বেনিতেজকে!’ হোসে মরিনহো এখন বলতে পারেন, ‘পেপ গার্দিওলাকে আসলেই খুব মিস করব।’না, রিয়াল মাদ্রিদের পর্তুগিজ কোচ তা বলেননি। আসলে চেলসির কোচ থাকার সময় বাকি তিন ত্রিমূর্তির সঙ্গে তাঁর কথার লড়াই যতটা জমত, বার্সেলোনা কোচের সঙ্গে তার সিকি ভাগও জমেনি। এই ‘ব্যর্থতা’ গার্দিওলার। মরিনহো যথাসাধ্য ‘চেষ্টা’ করে গেছেন। কিন্তু গার্দিওলা পাল্টা তির ছোড়েননি। খেলা জমেনি। গার্দিওলার বিদায়বেলায় তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন মরিনহো। তবে স্বভাবসুলভ ভঙ্গিতে খোঁচা মারতেও ভোলেননি। চার বছর কোচ হিসেবে কাজ করেই গার্দিওলা হাঁপিয়ে উঠলেন কেন—এটা ঠিক বুঝতে পারছেন না স্পেশাল ওয়ান।পোর্তো, চেলসি আর ইন্টার মিলানে সাফল্যধৌত সময় কাটানো মরিনহো অবশ্য প্রথমে এ নিয়ে মন্তব্য করতে রাজি ছিলেন না, ‘গার্দিওলার ব্যাপারটি তার একান্ত ব্যক্তিগত। সে নিজে এই সিদ্ধান্ত নিয়েছে। কেন নিল, সে-ই সবচেয়ে ভালো বলতে পারবে। এ বিষয়ে মন্তব্য করাটা তারই শোভা পায়। কোন পরিস্থিতি, কোন কাজটা তাকে সুখে রাখবে, এটা ঠিক করার ভার তারই।’তবে গার্দিওলা যে অন্তহীন চাপের কথা বলেছেন, সেটা নিয়েই খোঁচা দিলেন রিয়াল কোচ। বললেন, এই চাপটা উপভোগ করতে পারাও ফুটবল কোচের অন্যতম যোগ্যতা, ‘১২ বছর ধরে কোচের কাজ করছি। জুন মাসে তো আমি উল্টো বিরক্ত হই খেলা থাকে না বলে, এ কারণে অনুশীলন করাতে পারি না, খেলা-অনুশীলন দুটোই মিস করি।’ এরপর নিজেই ব্যাখ্যা দিয়েছেন, ‘অবশ্য প্রত্যেকেই আলাদা চরিত্রের। আপনাকে সেটা সম্মান দেখাতে হবে, মেনে নিতে হবে এবং আশা করতে হবে, তারা যেন আনন্দ খুঁজে পায়। কারণ, জীবনে সবচেয়ে বড় ব্যাপারটাই হলো সুখী হওয়া। কিছুদিন ফুটবল থেকে দূরে থেকে ও যদি আনন্দ পায়, তবে সেটাই ঠিক আছে। ওর জন্য আমার শুভকামনা রইল।’আগের তিন মৌসুমে রিয়াল শুধু একটা শিরোপাই জিতেছে—কোপা ডেল রে। এই সময়টায় তিনটি লিগ, দুটো চ্যাম্পিয়নস লিগসহ ১৩টি শিরোপা জিতিয়েছেন গার্দিওলা। কেউ কেউ বলছেন, তাঁর অনুপস্থিতি রিয়ালকে সুবিধা করে দিল। তবে এই ধারণা উড়িয়ে দিলেন মরিনহো, ‘বুঝতে পারছি না, এটা আমাদের জন্য সুবিধাজনক হলো কীভাবে। রিয়াল মাদ্রিদ তো রিয়াল মাদ্রিদই। আমরা আমাদের পথেই চলি।’ গার্দিওলার অনুপস্থিতি রিয়াল-বার্সা দ্বৈরথে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন তিনি, ‘অন্যান্য দলও উন্নতি করছে। তার পরও স্প্যানিশ শিরোপায় বার্সেলোনাই আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ। আমাদের দিক থেকে কিছুই পাল্টায়নি।’ওদিকে গার্দিওলাকে প্রশ্ন করা হয়েছিল, মরিনহো আছেন বলেই কি বেশি চাপ আর বেশি ক্লান্তি অনুভব করেছেন? তাঁর হঠাৎসরে যাওয়ার পেছনে কি মরিনহোও অন্যতম কারণ? গার্দিওলার জবাব, ‘যে ক্লান্তি আমি এই বছরগুলোতে অনুভব করেছি, এর সঙ্গে মরিনহোর কোনো সম্পর্ক নেই। মরিনহো এর জন্য এক শতাংশও দায়ী নয়। মরিনহো আপনাকে মোটেও ক্লান্ত করবে না, বরং আপনি ক্লান্ত হবেন এত এত জয়ের কারণে।’ রয়টার্স।