গার্দিওলাকে মেসির উপহার
২০০৮ সালের আগস্টে ন্যু ক্যাম্পের ডাগ আউটে এসে দাঁড়িয়েছিলেন। গতকাল শনিবার রাতে শেষবারের মতো প্রিয় এই স্টেডিয়ামের ডাক আউটে দাঁড়ালেন বার্সার ম্যানেজার পেপ গার্দিওলা। ন্যু ক্যাম্প থেকে গার্দিওলার বিদায়ের ক্ষণটা স্মরণীয় করে রাখলেন তাঁর সবচেয়ে কাছের শিষ্য লিওনেল মেসি।লা লিগায় গত রাতে এসপানিওলকে ৪-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সা। দলের হয়ে চারটি গোলই করেন মেসি। ন্যু ক্যাম্পে গার্দিওলার বিদায়ী ম্যাচে মেসির তরফ থেকে এর চেয়ে মূল্যবান উপহার আর কী হতে পারে!চতুর্থ গোলটি করেই ডাগ আউটে গিয়ে গার্দিওলাকে জড়িয়ে ধরেন মেসি। গুরু-শিষ্যের এমন বন্ধনের মধ্য দিয়ে একটা বার্তাও পেয়ে গেলেন নিন্দুকেরা—গার্দিওলা ও মেসির সম্পর্কে কোনো খাদ নেই। এভাবেই চিরদিন বেঁচে থাকবে সম্পর্কটা।গত ২৭ এপ্রিল গার্দিওলার বিদায় ঘোষণার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কার্লোস পুয়োল, জাভি, ভিক্টর ভালদেস ও ইনিয়েস্তা। বিষণ্ন মুখে শুনেছেন গুরুর ঘোষণা। তবে সেখানে উপস্থিত ছিলেন না মেসি। পরে টুইটার বার্তায় গার্দিওলার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেন, ‘আমি এতটাই আবেগে ভেসে যাচ্ছি যে আমার এই চেহারা সংবাদ সম্মেলনে দেখাতে চাইনি। কারণ জানি, খেলোয়াড়দের কান্নামাখা মুখ খুঁজবে ক্যামেরা। আমি সেটা দেখাতে চাইনি।’ এমন আবেগঘন বার্তার পরও মেসির অনুপস্থিতির কারণে গার্দিওলা ও তাঁর মধ্যে দ্বন্দ্বের গন্ধ খুঁজছিলেন নিন্দুকেরা।নিন্দুকদের জবাব মেসি দিয়েছেন নিজের পারফরম্যান্স দিয়েই। গার্দিওলার বিদায় ঘোষণার পর দুটি ম্যাচ খেলেছে বার্সা। এই দুই ম্যাচে মেসি গোল করেছেন সাতটি—মালাগার বিপক্ষে হ্যাটট্রিক করার পর গতকাল এসপানিওলের বিপক্ষে চার গোল।ম্যাচ শেষে মেসির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন পেপ গার্দিওলা। কামনা করেছেন আর্জেন্টাইন জাদুকরের উজ্জ্বল ভবিষ্যত্। ন্যু ক্যাম্পে তাঁর বিদায়ী ম্যাচে মেসির পারফরম্যান্স প্রশ্নে গার্দিওলা সাংবাদিকদের বলেন, ‘মৌসুমজুড়ে পাদপ্রদীপের আলোয় ছিল মেসি। আশা করছি, ভবিষ্যতেও এই সফলতা ধরে রাখবে ও।’গার্দিওলা বলেন, ‘যতটা সম্ভব আমি মেসিকে সহায়তা করার চেষ্টা করেছি। কোনো সন্দেহ নেই, একজন হাই প্রোফাইল কোচ হতে আমাকেও যথেষ্ট সহায়তা করেছে মেসি। সবকিছুর জন্যই আমি ওকে ধন্যবাদ জানাচ্ছি।’ রয়টার্স।