গার্দিওলার অপেক্ষায় বায়ার্ন
পেপ গার্দিওলার হাতে যেন জাদু আছে। তাঁর জাদুর কাঠির ছোঁয়ায় মাত্র চার বছরে তিনি বদলে দিয়েছিলেন বার্সেলোনাকে। ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত তিনি বার্সাকে উপহার দিয়েছেন তিনটি লা লিগা আরও দুটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা। দলটিকে বানিয়ে তুলেছিলেন সেরাদের সেরা। অনেকে বার্সাকে সর্বকালের অন্যতম সেরা দলের মর্যাদা দিতেও কুণ্ঠিত হননি।সেই গার্দিওলা এবার হাল ধরেছেন বায়ার্ন মিউনিখের। বেশ কয়েক বছর ধরে বার্সেলোনার সঙ্গে পায়ে পা মিলিয়ে চলা জার্মান জায়ান্টরা বারবারই সাফল্যের কাছাকাছি এসে ব্যর্থ হয়েছে। ভালো দল নিয়েও সাফল্য না পাওয়া এ দলটিকে নিজের কারিশমায় গার্দিওলা বদলে দিতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়। তবে বায়ার্ন মিউনিখের উপদেষ্টা সাবেক জার্মান তারকা পল ব্রেইটনারের মতে, গার্দিওলার স্পর্শে আগামী দিনগুলোতে ইউরোপীয় ফুটবলে রাজত্ব করবে বায়ার্ন মিউনিখই।অনেকেই ব্যাপারটি বলছেন। বায়ার্ন মিউনিখ যে আগামী দিনগুলোতে বার্সেলোনাকে শ্রেষ্ঠত্বের আসন থেকে সরিয়ে দিতে পারে, এ সম্ভাবনা দেখছেন অনেকেই। সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাত্কারে পল ব্রেইটনার বলেছেন, ‘আমরা সবাই বায়ার্নকে বার্সার পর্যায়ে দেখতে চাই। গার্দিওলা দায়িত্ব নেওয়ার পর ১২ থেকে ১৮ মাসের মধ্যে বায়ার্ন সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে বিশ্বাস করি আমি।’এবারের মৌসুমে এক প্রকার বলে-কয়েই বুন্দেসলিগা জয়ের দ্বারপ্রান্তে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লিগেও দাপুটে ফুটবল খেলে সেমির লড়াইয়ে শামিল তারা। চ্যাম্পিয়নস লিগের সেমিতে তাদের লড়াইটা বার্সেলোনার সঙ্গেই। কথা উঠেছে, এই ম্যাচটির বৈতরণী পার হওয়া না-হওয়ার মাধ্যমেই প্রমাণিত হবে আগামী দিনে ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের ঝান্ডাটি থাকবে কার হাতে।পল ব্রেইটনারও ঠিক তেমনটিই মনে করেন। অনেক বায়ার্ন-সমর্থকও তা-ই মনে করেন। তাঁরা মনে করেন, গার্দিওলা তাঁদের প্রিয় ক্লাবের সাফল্য-দূত হয়ে হাজির হতে যাচ্ছেন এই মৌসুম শেষে। তাই তো গার্দিওলার কোচ হওয়ার খবর উত্সবে রাঙিয়েছিল মিউনিখ শহরকে। গার্দিওলা এখন এই বিশ্বাস-আস্থার প্রতিদান দিতে পারবেন কি না, সেটাই দেখার বিষয়। এ বছরের জুলাই থেকে শুরু হবে গার্দিওলার বায়ার্ন মিউনিখ-অধ্যায়। ওয়েবসাইট।