গার্দিওলার আরেক বিদায়-মঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালের ৩১ আগস্ট। ফ্রাঙ্ক রাইকার্ডের জায়গায় আসা নতুন কোচের যোগ্যতা নিয়ে তখনো সন্দিহান বার্সেলোনার সমর্থকেরা। কেন বেছে নেওয়া হলো অনভিজ্ঞ এই তরুণ কোচকে—এই প্রশ্নের মীমাংসা তখনো হয়নি। এমন সংশয়ের মধ্যেই স্প্যানিশ লিগে কোচ হিসেবে প্রথম বার্সার ডাগ আউটে দাঁড়িয়েছিলেন পেপ গার্দিওলা। সেইবারই লিগে উঠে আসা দুর্বল নুমানসিয়ার বিপক্ষে ম্যাচটায় ১-০ গোলে হেরে গিয়েছিল বার্সা! প্রভাতের সূর্য সব সময় দিনের সঠিক পূর্বাভাস দেয় না। হেরে যাত্রা শুরু করা গার্দিওলা কিন্তু ওই অভিষেক মৌসুমেই জিতিয়েছিলেন লা লিগা। একে একে বার্সা জিতেছিল চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ কাপ। ২০০৯ সালে এক বছরে জিতেছিল ছয়টি প্রধান শিরোপার সবগুলো! চার বছরে ১৩টি শিরোপা জেতানো গার্দিওলা আজ লা লিগায় শেষবারের মতো দাঁড়াবেন বার্সার ডাগ আউটে। গত ম্যাচেই ন্যু ক্যাম্পে বিদায় সংবর্ধনা নিয়েছেন। ৪১ বছর বয়সী কোচের জন্য আজ আরেকটি বিদায়ের মঞ্চ প্রস্তুত। লিগে নিজেদের শেষ ম্যাচে বার্সার প্রতিপক্ষ আজ রিয়াল বেটিস। গত ম্যাচেই ৪ গোল করে গার্দিওলার চার মৌসুমকে স্যালুট জানিয়েছেন লিওনেল মেসি। আজ হয়তো আরেকটি বিদায়ী উপহার দিতে চাইবেন এই আর্জেন্টাইন জাদুকর। এমনিতেই গত ম্যাচটি ছিল তাঁর ব্যক্তিগত রেকর্ডের মঞ্চও। স্প্যানিশ লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৫০ গোল করেছেন। মৌসুমে ৫৮ ম্যাচে ৭২ গোল করে ভেঙেছেন বিশ্ব রেকর্ডও। সেই রেকর্ড দুটো আরও একটু উচ্চতায় বসিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন। পিচিচি ট্রফির লড়াইয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর (৪৫ গোল) চেয়ে নিরাপদ দূরত্বেই এগিয়ে আছেন। আজকের ম্যাচ মেসির জন্য সেটিকে আরও নিরাপদ করার সুযোগও। রেকর্ড হাতছানি দিচ্ছে রিয়াল মাদ্রিদকেও। বার্সার তিন বছরের আধিপত্যের অবসান ঘটানো রিয়াল অবশ্য খেলবে আগামীকাল। প্রতিপক্ষ মায়োর্কা। এই ম্যাচ জিতলে স্প্যানিশ লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে এক মৌসুমে ১০০ পয়েন্ট পূর্ণ হবে তাদের। রিয়াল ভেঙে দেবে ২০০৯-১০ মৌসুমে গড়া বার্সেলোনার রেকর্ড (৯৯ পয়েন্ট)। লিগ শিরোপার দৌড় শেষ হয়ে গেলেও স্প্যানিশ লিগের শেষ দিনের গুরুত্ব এতটুকু কমছে না। এখনো যে আরও কিছু সমীকরণ বাকি!স্প্যানিশ লিগের প্রথম তিনটি স্থান নির্ধারিত হয়েই গেছে। চতুর্থ স্থানটি দখল করে কে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফাইং রাউন্ড খেলবে, সেটি এখনো নিশ্চিত নয়। চতুর্থ স্থানের দাবিদার যে চার চারটি দল! স্পোর্টিং গিজনের বিপক্ষে কাল জিতলেই চতুর্থ স্থান নিশ্চিত করবে মালাগা (৫৫ পয়েন্ট)। মালাগা ড্র করলেও চ্যাম্পিয়নস লিগে খেলার আশা উজ্জ্বল হবে এবারের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের (৫৩ পয়েন্ট)। সে ক্ষেত্রে ভিয়ারিয়ালকে হারাতে হবে তাদের। মালাগা আর অ্যাটলেটিকো দুই দলই যদি হেরে যায় সে ক্ষেত্রে চতুর্থ স্থানে ওঠার সুযোগ তৈরি হবে লেভান্তে আর মায়োর্কার। দুই দলেরই পয়েন্ট ৫২। লা লিগার পঞ্চম আর ষষ্ঠ স্থান দুটি নিয়েও জমেছে এমন নাটকীয়তা। এই দুটি স্থান আগামী মৌসুমের ইউরোপা লিগে খেলার টিকিট। যে দুটি স্থানের জন্য লড়াই করছে ছয়টি দল! পয়েন্ট তালিকার ওপর থেকে এবার নিচে চোখ নামান। রেসিং সান্তান্দারের অবনমন নিশ্চিত। দ্বিতীয় বিভাগে রেসিংয়ের সঙ্গী কে হবে সেটি নিশ্চিত নয়। রেলিগেশনের শঙ্কাতেও আছে পাঁচ পাঁচটি দল! গ্রানাডা, ভিয়ারিয়াল, রায়ো ভায়োকানো, রিয়াল জারাগোজা আর স্পোর্টিং গিজন! এএফপি, রয়টার্স।শেষ দিনেও তাই স্প্যানিশ লিগে রয়েছে জমজমাট নাটক। সেই নাটকের প্রথম অঙ্কে আজ গার্দিওলার বিদায়!