গার্দিওলার উত্তরসূরির নাম জানেন ক্রুইয়েফ!
বার্সেলোনার সঙ্গে ইয়োহান ক্রুইয়েফের সম্পর্কটা বহুদিনের। নিজে এই ক্লাবে খেলেছেন। পরে কোচ ও কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৩ সালে ফ্রাঙ্ক রাইকার্ড ও ২০০৮ সালে পেপ গার্দিওলাকে কোচ করার পেছনে ক্রুইয়েফের সবচেয়ে বড় অবদান ছিল। তাঁর মাধ্যমে দায়িত্ব নেওয়া গার্দিওলার অধীনে ‘অন্য গ্রহের ফুটবল’ খেলছে বার্সেলোনা। এনিয়ে গর্ব আছে ক্রুইয়েফের। কিছুটা আবেগের সঙ্গেই তিনি বলেছেন, গার্দিওলা দায়িত্ব ছেড়ে দিলে কে হবেন বার্সা কোচ, সেটাও তিনি জানেন।ব্যাপারটি আগ্রহ সৃষ্টি করেছে সংবাদমাধ্যমের। তবে কি খুব শিগগিরই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন গার্দিওলা। নিজের করা মন্তব্যের ব্যাখাও দিয়েছেন তিনি। বলেছেন, গার্দিওলা মৌসুম ধরে ক্লাবের সঙ্গে চুক্তি করেন। একটা না একটা সময় তাঁর চুক্তির মেয়াদ শেষ হবে। তিনি হয়তো, এরপর বার্সেলোনার কোচ হিসেবে থাকতে নাও চাইতে পারেন। তবে গার্দিওলার উত্তরসূরি কে হবেন, সে ব্যাপারে কোনো নাম প্রকাশ করেননি এই ডাচ ফুটবল কিংবদন্তি। বরং রসিকতা করেই বলেছেন, ‘হোসে মারিনহো যে হবেন না—সেটা আপনাদের বলতে পারি।’২০০৮ সালে ক্রুইয়েফ বার্সার তত্কালীন সভাপতি হুয়ান লাপোর্তার উপদেষ্টা হিসেবে কাজ করেন। ২০১০ সালে তিনি ক্লাবের সম্মানসূচক সভাপতি হিসেবে মনোনীত হন। তবে পরবর্তীতে বার্সার সভাপতি স্যান্দ্রো রোসেল ক্রুইফের এই পদবি বাতিল করেন। আপাতত, বার্সেলোনার ক্ষমতার বলয়ে ইয়োহান ক্রুইয়েফের ভূমিকা খুবই সামান্য। ওয়েবসাইট।