গার্দিওলার চোখে মরিনহোই সেরা
রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা—চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের কোচ হিসেবে সম্পর্কের তিক্ততা থাকতে পারে। থাকতে পারে মতের ভিন্নতা। কিন্তু কোচ মরিনহোর প্রতি গার্দিওলার অগাধ শ্রদ্ধা। কোচ হিসেবে প্রতিদ্বন্দ্বী মরিনহোকেই সেরার স্বীকৃতি দিয়ে দিলেন গার্দিওলা। বললেন, মরিনহোই সম্ভবত বিশ্বের সেরা কোচ।২০০৮ সালে বার্সেলোনার সিনিয়র দলের দায়িত্ব নেওয়ার পর টানা তিনবার লিগ শিরোপা, দুবার চ্যাম্পিয়নস লিগ, একবার কোপা ডেল রেসহ দলকে জিতিয়েছেন ১১টি শিরোপা। এই সাফল্য গার্দিওলাকে শুধু বার্সেলোনার সেরার তালিকাতেই জায়গা দেয়নি, গোটা বিশ্বেই দিয়েছে উচ্চ আসন। বর্তমান বিশ্বের সেরা কোচের প্রশ্নে তাঁর নামও আসে। কিন্তু গার্দিওলার চোখে মরিনহোই সেরা।কোচ হিসেবে সাফল্যের চূড়ায় উঠলেও রিয়ালের পর্তুগিজ কোচের খেলোয়াড়ি অভিজ্ঞতা সামান্যই। পেশাদার ফুটবল বলতে গেলে খেলেনইনি। কিন্তু কোচ হিসেবে অসাধারণ। পোর্তোতে শুরু করে চেলসি, ইন্টার মিলান হয়ে রিয়াল মাদ্রিদ—যেখানেই গেছেন রেখেছেন জাদুকরি ছোঁয়া। মরিনহো নিজেই নিজেকে দিয়েছেন ‘স্পেশাল ওয়ান’ খেতাব। ২০১০ সালে আনুষ্ঠানিকভাবে জিতেছেন ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার।গার্দিওলার কথা, ভালো কোচ হতে হলে খেলতেই হবে এমন কোনো কথা নেই। উদাহরণ হিসেবে গার্দিওলা টেনে এনেছেন ইতালি ও এসি মিলানের স্বর্ণযুগের কোচ আরিগো সাচ্চিকে, ‘গ্রেট কোচ হওয়ার জন্য ফুটবল খেলাটা জরুরি নয়। ফুটবল না খেলেই আরিগো সাচ্চি খেলাটিকে বদলে দিয়েছিলেন। আর হোসে মরিনহোই সম্ভবত বিশ্বের সেরা কোচ।’মরিনহো জয়গান করতে গিয়ে গার্দিওলা স্পষ্ট করে দিয়েছেন বার্সেলোনা ছাড়ার বিষয়টিও। অনেক দিন ধরেই গুঞ্জন বার্সা ছেড়ে অন্যত্র পাড়ি জমাতে পারেন গার্দিওলা। সাবেক বার্সা অধিনায়ক গুঞ্জনকে সত্যের ওপরই দাঁড় করিয়েছেন, ‘যখন খেলোয়াড় ছিলাম, এই উপলব্ধি হয়েছিল, সেই মুহূর্ত আমার এসে গেছে যেন নিজের দেওয়ার আর কিছু নেই। ওই মুহূর্তে আমি ছিলাম খুবই ক্লান্ত। এবং আমি জানি, কোচ হিসেবেও একই ব্যাপার হতে পারে। আমি জানি, এমন দিন আসবে যখন আমি ক্লান্ত হয়ে যাব এবং আমি ছেড়ে দেব। আমি তো মনে করি, সেই দিনটি আসবে। কারণ সাধারণত কোচরা বরখাস্ত হয় ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগেই, কারণ তারা হারতে শুরু করে। এ মুহূর্তে আমি সিদ্ধান্ত নিতে পারি, আমি এও জানি বিষয়টা এ রকমই সব সময় থাকবে না। যে কোচরা হারতে শুরু করে তারা বরখাস্ত হয়।’ ওয়েবসাইট।