গার্দিওলার দেখা ‘সেরা’ মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরাবরই তিনি লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ। গতকাল বার্সেলোনার সঙ্গে নিজের শেষ দিনটাতেও সবচেয়ে কাছের শিষ্যের প্রশংসায় এতটুকু কার্পণ্য করলেন না গুরু পেপ গার্দিওলা। বার্সার কোচ ঘোষণা দিলেন, তাঁর দেখা সেরা ফুটবলার মেসি। বাকি জীবনে মেসির মতো একজন ফুটবলার দেখতে পাবেন না বলেও বিশ্বাস করেন গার্দিওলা।‘সেরা খেলোয়াড়ের কোচ হওয়া অনেক সম্মানের। মেসির মতো ফুটবলার দেখিনি আমি, সম্ভবত ভবিষ্যতেও দেখব না’—কোপা ডেল রের শিরোপা জয়ের পর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেছেন গার্দিওলা।২০০৮ সালে স্প্যানিশ জায়ান্ট বার্সার দায়িত্ব নেন গার্দিওলা। পরের বছর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে জেতেন প্রথম শিরোপা। কাকতালীয়ভাবে সেই বিলবাওয়ের বিপক্ষেই বার্সার হয়ে শেষ শিরোপাটা জিতলেন গার্দিওলা। চলতি মৌসুম অবশ্য খুব একটা ভালো কাটেনি বার্সার ইতিহাসে সফলতম এই কোচের। মৌসুমের শীর্ষ দুটি শিরোপা স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ দুটিই যে অধরা থেকে গেছে!গত ২৭ এপ্রিল সংবাদ সম্মেলনে বার্সেলোনা থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন গার্দিওলা। জানিয়ে দেন, বিলবাওয়ের বিপক্ষে কোপা ডেল রের ফাইনালটাই হবে বার্সার হয়ে তাঁর শেষ ম্যাচ। শেষ ম্যাচটা গার্দিওলা স্মরণীয় করলেন রাখলেন ১৪তম শিরোপা জয়ের মাধ্যমে।গার্দিওলার প্রতিক্রিয়া, ‘আমাকে আরও বেশি লড়াই করতে শিখিয়েছে মেসি। ও না থাকলেও হয়তো আমরা শিরোপা জিততাম, তবে অবশ্যই ১৯টি প্রতিযোগিতার মধ্যে ১৪টি শিরোপা নয়।’নিজের ভবিষ্যত্ সম্পর্কে গার্দিওলা বলেন, ‘আমি ক্লান্ত। এ কারণে কিছুদিনের জন্য থামতে হবে আমাকে। কিন্তু যেভাবে ১৪টি শিরোপা আমরা জিতেছি, আমি তৃপ্ত।’গোল ডটকমের খবরে বলা হয়েছে, বিদায় বেলায় আগামী দিনে বার্সার প্রতি শুভ কামনা জানাতেও ভোলেননি গার্দিওলা। ৪১ বছর বয়সী স্প্যানিশ এই কোচ বলেছেন, ‘নতুন কিছু আবিষ্কার করিনি। কেবল একটা প্রক্রিয়ার অংশ ছিলাম আমি। সেই প্রক্রিয়াটা আমি আসার আগেই শুরু হয়েছিল। আশা করছি, আগামী দিনেই সেটা অব্যাহত থাকবে।’