গার্দিওলার পরামর্শ চান না হেইঙ্কেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগ ড্রয়ের পরে অনেকেই হয়তো একটা দৃশ্য কল্পনা করে ফেলেছিলেন, বায়ার্ন কোচ ইয়ুপ হেইঙ্কেস ফোন দিচ্ছেন পেপ গার্দিওলাকে। সেমিফাইনালেই যে মুখোমুখি বার্সা-বায়ার্ন! গত মৌসুমেই বার্সার কোচ ছিলেন গার্দিওলা, আর সামনের বারই ধরছেন বায়ার্নের হাল। শত্রুশিবিরের হাঁড়ির খবর জানার জন্য এমন যোগ্য ‘গুপ্তচর’ হেইঙ্কেস আর কোথায় পাবেন? কিন্তু হেইঙ্কেসের এ আলোচনাটাই পছন্দ হচ্ছে না। একটু কড়া ভাষায়ই বলে দিয়েছেন—গার্দিওলার পরামর্শের কোনো দরকার নেই তাঁর, ‘আমাকে ও আমার কাজকে সম্মান করুন। আমি কখনো কারও কাছে পরামর্শ চাইতে যাইনি। আলোচনাও করিনি। প্রতিপক্ষকে বুঝতে আমার কাউকে দরকার নেই।’ বায়ার্নের সাম্মানিক সভাপতি কার্ল হেইঞ্জ রুমেনিগেও এর মধ্যে গার্দিওলাকে টানতে চাইছেন না, ‘সে (গার্দিওলা) হয়তো ভেতরের খবর জানে, কিন্তু এমন একজন তো আমাদের দলেই আছে। স্প্যানিশ ফুটবল সম্পর্কে হেইঙ্কেসের চেয়ে ভালো আর কে জানে?’ হেইঙ্কেসের এ অভিজ্ঞতা একেবারে হাতে-কলমের। ১৯৯৮ সালে রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছিলেন তো এই হেইঙ্কেসই। রয়টার্স।