গার্দিওলার পরীক্ষা আর রিবেরির ফর্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দল নিয়ে গার্দিওলার পরীক্ষা-নিরীক্ষা আর রিবেরির ফর্ম—এই দুটোই বায়ার্ন সমর্থকদের উত্কণ্ঠার বিষয় ছবি: এএফপি
দল নিয়ে গার্দিওলার পরীক্ষা-নিরীক্ষা আর রিবেরির ফর্ম—এই দুটোই বায়ার্ন সমর্থকদের উত্কণ্ঠার বিষয় ছবি: এএফপি

পেপ গার্দিওলার এই কৌশলটা ঠিক পছন্দ হচ্ছে না বায়ার্ন সমর্থকদের। সারাক্ষণ পায়ে বল নিয়ে দৌড়া দৌড়ি, কিন্তু গোলের দেখা নেই। বল দখলে রেখে কী লাভ যদি ম্যাচে জেতাই না যায়?

জার্মান ফুটবল কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারও গার্দিওলার এই ‘পজেশন’ তত্ত্বের কঠোর সমালোচক। তিনি কোনো রাখঢাক না রেখে বলেই ফেলেছেন, ‘বল দখলে রাখার কোনো মানেই হয় না যদি গোলের সুযোগ তৈরি করতে না পারেন। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে পুরো ম্যাচেই বলের দখল রাখল বায়ার্ন কিন্তু গোলের সুযোগ তৈরি করল রিয়াল। ওই দিন বায়ার্নের ভাগ্য ভালো যে এক গোলের বেশি খেতে হয়নি।’

মিউনিখে অনেকেই মনে করেন বায়ার্নকে নিয়ে মাত্রাতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষায় মেতেছেন গার্দিওলা। বেভারিয়ানদের টেন্ট যেন এক নিবিড় পরীক্ষাগার। বারবার খেলোয়াড়দের পজিশন পরিবর্তন করছেন। রক্ষণের ফিলিপ লামকে খেলাচ্ছেন মধ্যমাঠে। আবার মধ্যমাঠের টনি ক্রুজকে নিয়ে গেছেন রক্ষণে। লিবারো জাভি মার্টিনেজকে নিয়ে গেছেন রক্ষণের কেন্দ্রে। মজার তথ্য হচ্ছে সর্বশেষ ১২টি বুন্দেসলিগা ম্যাচে গার্দিওলা দলে পরিবর্তন এনেছেন গড়ে পাঁচটি করে।
আজ রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় পর্বের ‘মরা-বাঁচা’র লড়াইয়ে তিনি আবার কী পরিবর্তন আনেন, সেটা নিয়ে উদ্বিগ্ন বায়ার্ন সমর্থকেরা।

গার্দিওলার পরীক্ষা-নিরীক্ষা নিয়ে কথা উঠেছে, কিন্তু আজও গার্দিওলা হয়তো পরিবর্তনের পথেই হাঁটবেন। রিয়ালের দুই স্টপার পেপে আর রামোস হেডে ভালো বলে তিনি মানজুকিচকে খেলাতে চান না। তিনি ম্যাচের শুরু থেকেই মুলারকে মাঠে নামানোর পক্ষপাতী।

বায়ার্নের রক্ষণ নিয়েও চিন্তিত তাঁরা। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি গোল করা রিয়ালের বিপক্ষে সেই উত্কণ্ঠা যেন আরও বেড়েছে। এমনিতেই ফাইনালে যেতে হলে কমপক্ষে দুটি গোল করতে হবে তাদের। তার ওপর রিয়াল গোল করে বসলে সেই সংখ্যা হয়ে যাবে তিন।

বায়ার্ন অবশ্য আজকের ম্যাচে আক্রমণাত্মক ফুটবলই খেলতে চাইবে। সেই সঙ্গে চাইবে যতটা বেশিসংখ্যক গোলের সুযোগ সৃষ্টি করতে। সম্প্রতি ভ্রেদার ব্রেমেনকে ৫ গোলে হারানোর ম্যাচটাই আজকের জন্য অনুপ্রেরণা বানাতে চাইবে তারা।

বায়ার্নের নিজের খেলাটাই এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার। যেটা বুঝতে পারছেন সবাই। এই ‘নিজেদের খেলা’ বলতে কী গার্দিওলা যুগের আগের খেলা? রক্ষণ জমাট বাঁধিয়ে প্রতিপক্ষকে তেড়ে-ফুঁড়ে আক্রমণে ওঠা। রিয়ালের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ওটাই যে সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল বায়ার্নের খেলায়। মুলার ‘নিজেদের খেলা’র ব্যাখ্যা দিয়েছেন ঠিক এভাবে, ‘নিজস্ব খেলাটা আর কিছুই নয়। আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত রাখা আর নিজেদের রক্ষণের দিকে নজর রাখা। আক্রমণাত্মক ফুটবল খেলতে গিয়ে আবার ভুলে গেলে চলবে না যে প্রতিপক্ষও আক্রমণ করতে জানে। ওদেরও আক্রমণাত্মক খেলোয়াড় আছে। গোল করার স্ট্রাইকার আছে।’

প্রতিপক্ষকে আক্রমণে ব্যতিব্যস্ত রাখতে বায়ার্নে সবচেয়ে বড় ভরসা ‘রি’-‘রো’। মানে ফ্রাঙ্ক রিবেরি আর আরিয়েন রোবেন আর-কি! রিয়ালের বিপক্ষে রিবেরির নির্জীব উপস্থিতিই সেদিন বায়ার্নের সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছিল। রোবেন যেন ছিলেন সঙ্গীহীন, অসহায়। আশার কথা ব্রেমেনের বিপক্ষে রিবেরি আবারও নিজের মধ্যে ফিরেছেন। আর তাতেই উড়ে গেছে প্রতিপক্ষ। আজ রিবেরিকে ঠিক একই ঢঙে দেখা গেলে তা হবে রিয়ালের জন্য সত্যিই দুশ্চিন্তার। আজ রিবেরি আর রোবেন যদি একসঙ্গে জ্বলে ওঠেন, তাহলে বায়ার্নের সমর্থকেরা তো আশাবাদী হতেই পারে।