গার্দিওলার পৌরুষ নেই!
পেপ গার্দিওলা পুরুষ মানুষই তো, নাকি? এত দিন তো সবাই এটাই জেনে এসেছেন। কিন্তু যথেষ্ট সংশয় আছে জ্লাতান ইব্রাহিমোভিচের। একটি ফুটবল ম্যাগাজিনের প্রকাশিতব্য সংখ্যায় সাক্ষাৎকারে এসি মিলানের সুইডশি স্ট্রাইকারের দাবি, বার্সেলোনা কোচের পৌরুষ নেই! অন্যকিছু আবার ভেবে বসবেন না, ইব্রার প্রশ্ন তুলেছেন আসলে গার্দিওলার সাহসিকতা নিয়ে। বার্সায় খেলার সময় ম্যাচের পর ম্যাচ ডাগ-আউটে বসে কাটাতে হয়েছে ইব্রাকে। তখন নাকি সত্যিকারের পুরুষের মতো আচরণ করেছেন ইব্রা নিজে, কিন্তু গার্দিওলার আচরণ ছিল কাপুরুষের মতো! ৩০ বছর বয়সী স্ট্রাইকারের দাবি, কোচের আচরণে বিরক্ত ও হতাশ হয়েই বার্সা ছাড়তে বাধ্য হয়েছেন, ‘বার্সা ছাড়ার সময় নিজেকে বলেছিলাম, “আমি বিশ্বের সেরা ক্লাব ছাড়ছি। কিন্তু সেখানে এমন একজন আছে, যার সঙ্গে আমার ঝামেলা হচ্ছে। সে পুরুষ মানুষ নয়, আমাকে আমার সমস্যা কখনোই বলেনি। কিন্তু আমার আচরণ হবে সত্যিকারের পুরুষের মতো, আমি ক্লাব ছাড়ব।” মাস দুয়েক ধরে আমি শুধু কোচের পাশে ঘুরঘুর করেছি আমাকে উপেক্ষার কারণ জানতে। কিন্তু জানতে পারিনি। শেষে সিদ্ধান্ত নিলাম, অনেক হয়েছে, আমি আর এখানে থাকব না।’ ওয়েবসাইট।২০০৯ সালের জুলাইয়ে বার্সায় যোগ দিয়েছিলেন ইব্রাহিমোভিচ। কোচের সঙ্গে সম্পর্কের অবনতির পর ধারে এসি মিলানে যান ২০১০ সালে আগস্টে। ২০১১ সালের জুনে চূড়ান্তভাবে থেকে যান মিলানে।