গার্দিওলার মুখে এখনো কুলুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনা ছাড়ার পর এবার কোথায় যাবেন পেপ গার্দিওলা? প্রশ্নটা এক বছর ধরে চালু আছে ফুটবল বিশ্বে। কোচিং ক্যারিয়ার আবার শুরু করবেন—এমন ঘোষণা দিলেও তাঁর নতুন ঠিকানা কোথায় হবে, এ প্রশ্নের জবাবে এখনো মুখে কুলুপ এঁটেই আছেন সময়ের অন্যতম সেরা এই কোচ। মাত্র চার বছরের মধ্যেই বার্সেলোনাকে ইউরোপের শীর্ষ ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন পেপ গার্দিওলা। ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে বার্সেলোনাকে ১৪টি শিরোপা জিতিয়েছিলেন এই স্প্যানিশ কোচ। কিন্তু এবার কোথায় যাবেন গার্দিওলা? এখন পর্যন্ত অনেক রকম অনুমান করা হলেও খোদ গার্দিওলার কাছ থেকে কোনো রকম ইঙ্গিত পাচ্ছে না ফুটবল বিশ্ব। ধারণা করা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরি হিসেবে দেখা যেতে পারে গার্দিওলাকে। অথবা চেলসির স্থায়ী কোচ হিসেবেও দায়িত্ব নিতে পারেন তিনি। জার্মানির শীর্ষ ক্লাব বায়ার্ন মিউনিখও নাকি গার্দিওলাকে কোচ হিসেবে পেতে আগ্রহী।নতুন ঠিকানা নিয়ে মুখ না খুললেও কোচিংয়ে আবার ফিরতে আগ্রহী ৪১ বছর বয়সী এই কোচ। ফিফা ব্যালন ডি’অর পুরস্কারের অনুষ্ঠানে এসে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘অবশ্যই আমি কোচিং ক্যারিয়ারে ফিরব। আবার কোচিংয়ে ফেরার ইচ্ছা থাকলেও কোনো নির্দিষ্ট কর্মস্থলের কথা আমি ভাবিনি।’ জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যাওয়ার কথা বিবেচনা করছেন কি না, এমন প্রশ্নের জবাবে গার্দিওলা বলেছেন যে, ‘যে দলে একজন কোচ ইতিমধ্যেই আছে, সেখানে যাওয়ার ব্যাপার নিয়ে কথা বলাটা অনুচিত এবং অশ্রদ্ধা করার শামিল।’ ইএসপিএন