গার্দিওলার মুখেই রিয়াল-প্রশংসা
রিয়াল মাদ্রিদ, না বার্সেলোনা—কে সেরা? গত কয়েক মৌসুমের মাঠের পারফরম্যান্স আর শিরোপা-সাফল্য বিচারে চোখ বুঝে বলে দিতে পারেন, বার্সেলোনা। কিন্তু বর্তমানে? রিয়াল মাদ্রিদ! বিস্ময়ে মাথা নাড়ানোর আগে বিচারকের নামটি জেনে নেওয়াটা ভালো। রিয়াল মাদ্রিদকে নিজেদের চেয়ে ভালো বলে স্বীকৃতি দিয়েছেন স্বয়ং বার্সেলোনার কোচ পেপ গার্দিওলা।রোববার সুপার কাপের প্রথম লেগ ম্যাচে ২-২ গোলে ড্রয়ের পর গতকাল রাতেই বার্সার মাঠে দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছিল রিয়াল ও বার্সেলোনা। তাই ন্যু ক্যাম্পে শিরোপা জিতে মৌসুম সূচনার উৎসব কারা করেছে, সেটা এতক্ষণে জানা হয়ে গেছে। তবে বার্নাব্যুর পারফরম্যান্স যদি ন্যু ক্যাম্পে টেনে আনতে পারে রিয়াল, মৌসুম সূচক শিরোপা উৎসব করেছে তারাই! প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে উজ্জীবিত ফুটবল খেলা রিয়াল সুপার কাপের প্রথম লেগেও দুর্দান্ত খেলেছে। ছন্দ খুঁজে না পাওয়া বার্সেলোনার বিপক্ষে পুরো ম্যাচে নিয়ন্ত্রণ করেছে তারাই।গতকাল দ্বিতীয় লেগে নামার আগে গার্দিওলাও তাই অকপটে স্বীকার করে নিলেন মাদ্রিদের শ্রেষ্ঠত্ব, ‘প্রথম লেগে মাদ্রিদ ভালো দল ছিল। এই তিন দিনে আমরা কিছু জায়গায় উন্নতি করেছি। কিন্তু আমার বিশ্বাস, তারা এখনো ভালো।’ স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে গার্দিওলা আরও বলেছেন, ‘ওই উপলব্ধিটা আমার আছে। কিন্তু প্রতিটি ম্যাচই একটি গল্প। ফিরতি লেগটি যদি দুই সপ্তাহ পরে হতো, এটা হয়তো ভিন্ন হতো। সুপার কাপ জিততে হলে বার্নাব্যুর চেয়ে আমাদের ভালো খেলতে হবে।’ ওয়েবসাইট।এদিকে দীর্ঘ প্রচেষ্টায় সেস ফ্যাব্রিগাসকে ঘরে তুলতে পেরেছে বার্সেলোনা। এই ফ্যাব্রিগাসের কারণেই থিয়াগো আলকানতারাকে নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। দুজন একই ধরনের মিডফিল্ডার। দলে আলকানতারার জায়গা অনিশ্চিত। এ অবস্থায় তরুণ এই মিডফিল্ডারকে কি বার্সেলোনা ছেড়ে দেবে? আলকানতারাকে নিতে আগ্রহ দেখিয়েছিল এসি মিলানও। কিন্তু তাঁকে বিক্রি করার কোনো ইচ্ছাই বার্সেলোনার নেই। মিলানের প্রধান নির্বাহী আদ্রিয়ানো গ্যালিয়ানিই বলেছেন, ‘আমি থিয়াগো আলকানতারার এজেন্ট জিওভান্নি ব্রাঞ্চিনির সঙ্গে কথা বলেছি, কিন্তু বার্সেলোনা ওকে বিক্রি করবে না।’ থিয়াগোর প্রতি আগ্রহী ছিল রোমাও। তাদেরও একই কথাই বলে দিয়েছে বার্সা।