গার্দিওলায় অবাক রোবেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভীষণ অবাক হয়েছেন আরিয়েন রোবেন। বায়ার্ন মিউনিখের এই ডাচ প্লে-মেকার ঘুণাক্ষরেও জানতে পারেননি যে তিনি পেপ গার্দিওলার শিষ্য হতে চলেছেন। তবে ‘ব্যাভারিয়ান’দের কোচ হিসেবে গার্দিওলার আগমনকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। রোবেনের মতে, গার্দিওলাকে কোচ হিসেবে নিয়োগ দিয়ে একরকম বিপ্লবেরই জন্ম দিয়েছে তাঁর ক্লাব বায়ার্ন মিউনিখ।সাংবাদিকদের সঙ্গে আলাপ করতে গিয়ে রোবেন জানিয়েছেন, তিনি পেপ গার্দিওলার মিউনিখে আগমন সম্পর্কে তেমন কিছুই জানতেন না। তিনি বলেন, ‘গার্দিওলা বায়ার্নে সই করার এক দিন আগেও আমি মনে করতাম যে তিনি ইংল্যান্ডেরই কোনো একটা ক্লাবের কোচ হতে যাচ্ছেন।’ পুরো বিষয়টিই অত্যন্ত দ্রুততার সঙ্গে সংঘটিত হয়েছে বলে অভিমত তাঁর।জার্মান বুন্দেসলিগায় এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। লিগের শেষ হওয়া ১৮টি ম্যাচ থেকে তারা তুলে নিয়েছে ৪৫ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা বেয়ার লেভারকুসেনের সঙ্গে বায়ার্নের পয়েন্টের ব্যবধান ৯। তবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা না-থাকার সঙ্গে পেপ গার্দিওলার সম্পর্ক নেই বললেই চলে। কারণ, তিনি বর্তমান কোচ ইয়ুপ হেইঙ্কসের স্থলাভিষিক্ত হচ্ছেন এই মৌসুম শেষেই।গার্দিওলা বায়ার্ন মিউনিখের কোচ হওয়ায় নিজেদের গর্বিত মনে করছেন আরিয়েন রোবেন। তিনি বলেন, পৃথিবীর অন্যতম সেরা কোচকে ‘গুরু’ হিসেবে পেয়ে কে না গর্বিত হয়!তবে রোবেন একই সঙ্গে গার্দিওলাকে মনে করিয়ে দিয়েছেন, তিনিও পৃথিবীর অন্যতম সেরা এক ক্লাবেরই দায়িত্ব নিয়েছেন।‘ব্যাপারটি দারুণ। গার্দিওলা বিশ্বের অন্যতম সেরা কোচ। দায়িত্ব নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এক ক্লাবের।’ বলেছেন রোবেন।গার্দিওলাকে নিয়ে উচ্ছ্বাস থাকলেও ভবিষ্যত্ নিয়ে এখনই কথা বলতে চান না রোবেন। বিশ্বের সেরা কোচকে পেয়ে ভবিষ্যতের ফলাফলটা সে অনুযায়ীই যেন হয়, সে ব্যাপারে সতর্ক এই প্লে-মেকার।গার্দিওলা ডাগ-আউটে থাকলেও মাঠের খেলাটা যে তাঁদেরই খেলতে হবে, সেটা ভুলে যাননি রোবেন। গোল ডটকম।