গার্দিওলায় আস্থাশীল রুমেনিগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় ম্যাচ হাতে রেখে নতুন রেকর্ড গড়ে জার্মান লিগ শিরোপা জয় নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। গত ৫০ বছরের মধ্যে এবারই প্রথম এত বেশি ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়েছে এই বাভারিয়ান ক্লাবটি। নতুন মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা বায়ার্ন মিউনিখের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন এই সময়ের অন্যতম সেরা কোচ পেপ গার্দিওলা। বার্সেলোনার সাবেক এই কোচ এখন বায়ার্নের খেলার ধরন, কৌশলের সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারবেন? বার্সেলোনাকে যেভাবে সাফল্যের স্বর্ণশিখরে নিয়ে গিয়েছিলেন, তার ধারাবাহিকতা কি জার্মানিতেও অব্যাহত রাখতে পারবেন? এমন প্রশ্নই এখন ঘুরেফিরে আসছে ইউরোপের ক্লাব ফুটবল অঙ্গনে। তবে বায়ার্ন মিউনিখের পরিচালকেরা পূর্ণ আস্থা রাখছেন গার্দিওলার ওপর। স্প্যানিশ এই কোচকে খুবই সাধারণ মানুষ হিসেবে অভিহিত করেছেন বায়ার্নের নির্বাহী সভাপতি কার্ল হেইঞ্জ রুমেনিগে।২০১২ সালে বার্সেলোনার কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর বোঝাই যাচ্ছিল না যে, পেপ গার্দিওলার নতুন ঠিকানা কোথায় হতে যাচ্ছে। দীর্ঘদিন নানা গুজব, রহস্যের পর জানা গেল কোচ হিসেবে বায়ার্ন মিউনিখের ডাগআউটেই দেখা যাবে গার্দিওলাকে। বায়ার্ন কীভাবে গার্দিওলাকে রাজি করাল, এমন প্রশ্নের জবাবে রুমেনিগে বলেছেন, ‘গত বছরের জুলাইয়ে আমি বার্সেলোনায় গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলাম। সেসময়ই তিনি আমাকে বায়ার্নের কোচের দায়িত্ব নেওয়ার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন। গার্দিওলা বলেছিলেন, বায়ার্ন মিউনিখকে তিনি খুবই পছন্দ করেন এবং এটা তাঁর ফুটবল-দর্শনের সঙ্গে প্রায় মিলে যায়। আমরাও মনে করি, তিনিই বায়ার্নের কোচ হিসেবে যথার্থ ব্যক্তি। তিনি বায়ার্নের সংস্কৃতি ও দর্শনকে সম্মান করেন। আর এটাই তাঁকে সাফল্য এনে দেবে।’— টাইমস অব ইন্ডিয়া