গাসপেরিনির বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতেই সুতোয় ঝুলছিল ভাগ্য। পরশু সিরি ‘আ’তে নবাগত নোভারার কাছে ৩-১ গোলের হারটি সুতো ছিঁড়েই দিল। ম্যাচের পর ইন্টার মিলান বরখাস্ত করেছে কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনিকে। সহকারী কোচ জিউসেপ্পে বারেসি ও ড্যানিয়েল বার্নাত্জানিকে আপত্কালীন দায়িত্ব দিয়েছে ক্লাব।ইন্টার মিলানে গাসপেরিনি টিকলেন মাত্র তিন মাস। কোচের দায়িত্ব পালন করেছেন মাত্র পাঁচ ম্যাচে—তিনটি লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ ও একটি সুপার কাপে। এর মধ্যেই চারটিতেই হেরেছে এক মৌসুম আগে ট্রেবলজয়ী ইন্টার, ড্র করেছে একটি। কাল দিনের শুরুতেই ইন্টার সভাপতি ইঙ্গিত দিয়েছিলেন—ফুরিয়ে এসেছে গাসপেরিনির সময়। দলের অনুশীলনে গাসপেরিনিকে না দেখেই শুরু হয় গুঞ্জন। অবশেষে সেটাই হলো সত্যি।৫৩ বছর বয়সী গাসপেরিনি ইন্টার মিলানে শুরু থেকেই ছিলেন সমালোচিত। শুধু ইন্টারকে কোনো ম্যাচ জেতাতে পারেননি বলেই নয়, ঐতিহ্যগত ‘ব্যাক ফোর’ পদ্ধতি ভেঙে ইন্টারের রক্ষণ সাজান তিন ডিফেন্ডারে। সেটা কাজেও লাগেনি একদমই।জুভেন্টাসের যুবদলে খেলা শুরু করা গাসপেরিনি কখনো ‘তুরিনের ওল্ড লেডি’দের হয়ে লিগে খেলেননি। খেলোয়াড়ি জীবনের বেশির ভাগ সময় নিচের সারির দলে কাটানো গাসপেরিনি কোচিং শুরু করেন ১৯৯৪ সালে, জুভেন্টাসের যুবদলে। ওই দলে ৯ বছর কাজ করার পর ক্রোটোনের মূল কোচ হিসেবে যোগ দেন। এই দলটিকে তুলে দেন সিরি ‘বি’তে। ২০০৬-এ জেনোয়ার দায়িত্ব নিয়েই তাদের সিরি ‘আ’তে তোলেন। ২০০৯-এ ক্লাবটিকে সিরি ‘আ’তে পঞ্চম করেন। কিন্তু গত নভেম্বরে জেনোয়া ভালো শুরু করতে পারেনি, বরখাস্ত হন গাসপেরিনি। এবার ইন্টারে এসেও ভাগ্য বদলাতে পারলেন না! এএফপি।