গাড়ি চালাতে গিয়ে এত হ্যাপা!
২৫০ ঘণ্টার সমাজসেবামূলক কাজ, গাড়ি চালনায় ছয় মাসের নিষেধাজ্ঞা, ১১৪৫ পাউন্ড জরিমানা। নিষেধাজ্ঞা অমান্য করে গাড়ি চালানোর জন্য এই শাস্তি পেয়েছেন কার্লোস তেভেজ। যুক্তরাজ্যের ম্যাকলসফিল্ড ম্যাজিস্ট্রেট আদালতে দোষী প্রমাণিত হওয়ায় এই শাস্তি পেলেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা। গত ৭ মার্চ গাড়ি চালিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন তেভেজ। সেদিন কয়েক ঘণ্টা থানা হাজতেও থাকতে হয় তাঁকে। কেউই আইনের ঊর্ধ্বে নয়, তেভেজকে এটা মনে করিয়ে দেন আদালতের চেয়ারউইম্যান এলিজাবেথ ডেপারেস। তেভেজকে কিছু নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘মিস্টার তেভেজ আপনাকে অবশ্যই বুঝতে হবে, আপনি হাজার হাজার লোকের আদর্শ। কেউই আইনের ঊর্ধ্বে নয়, আপনার ড্রাইভিং করা উচিত হবে না। আমরা শুনেছি আপনি অনুতপ্ত। তাই এখন আপনাকেই নিশ্চিত করতে হবে আদালতে যাতে আর না আসতে হয়।’গত জানুয়ারিতে গাড়ি চালনায় নিষেধাজ্ঞা পেয়েছিলেন তেভেজ। নির্দিষ্ট গতিসীমা অতিক্রম করে ড্রাইভিং ও পুলিশকে তথ্য না দেওয়ায় ছয় মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন এই ফরোয়ার্ড। জরিমানাও করা হয়েছিল ১৫৪০ পাউন্ড। তখন তেভেজের আইনজীবীরা জানিয়েছিলেন ‘কনসটাবুলারি’ শব্দের মানে না বোঝাতেই যত বিপত্তি। রয়টার্স, ওয়েবসাইট।