গায়ক পোডলস্কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর পরিচয় ফুটবলার। বায়ার্ন, আর্সেনালের মতো দলে একটা সময় কাটিয়েছেন। এখন তুরস্কের গ্যালাতাসারাইয়ে খেললেও লুকাস পোডলস্কিকে ভুলে যাওয়ার কোনো কারণ নেই। সম্প্রতি জার্মান এই ফরোয়ার্ডের নতুন আরও একটা পরিচয় জানা গেছে। তিনি বেশ ভালো গাইতেও পারেন। জার্মানির যে শহরের আলো-বাতাস গায়ে মেখে তাঁর বেড়ে ওঠা, সেই কোলন শহরকে ভালোবেসে একটা গান বেঁধেছেন পোডলস্কি। জার্মান সংগীত তারকা মো-টোরেস ও ক্যাট বালুকে নিয়ে গাওয়া তাঁর সেই গানটি রীতিমতো সুপার হিট। গত সপ্তাহে জার্মানিতে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া গান এটি। যাতে বিস্মিত পোডলস্কিও, ‘গত কয়েক দিনে যা হলো সেটি অবিশ্বাস্য। এতটা সফল হব, ভাবতেও পারিনি।’ চাইলে বুট জোড়া তুলে রেখে এবার মাইক্রোফোন হাতে নিয়মিত মঞ্চে উঠতে পারেন ‘পোলডি’। দ্য সান।