গায়ক রোনালদিনহো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিউজিক ভিডিওতে গায়ক রোনালদিনহো । ওয়েবসাইট
মিউজিক ভিডিওতে গায়ক রোনালদিনহো । ওয়েবসাইট

বল পায়ে তাঁর দক্ষতায় একসময় মুগ্ধ থাকত গোটা বিশ্ব। হয়তো এখনো। কে জানে, কিছুদিন পর হয়তো ফুটবলারের পাশাপাশি ‘বিখ্যাত গায়ক’ পরিচিতিটাও যোগ হবে রোনালদিনহোর নামের পাশে। ফুটবলের পর এবার সংগীতপ্রতিভা দিয়েও যে ব্রাজিলিয়ান এই ফুটবল গ্রেট মুগ্ধ করতে এসেছেন! র‌্যাপ গায়ক বন্ধু এডসিটির সঙ্গে বের করেছেন একটি মিউজিক ভিডিও। ইউটিউবে প্রকাশের পর পরই যে ভিডিও ভাইরাসের মতো ছড়াচ্ছে ফেসবুক-টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে।
খেলোয়াড়দের মিউজিক ভিডিওতে উপস্থিতির ব্যাপারটা অবশ্য একেবারে নতুন নয়। তবে বেশির ভাগ ক্ষেত্রেই সেটা করা হয় ওদের তারকা ভাবমূর্তিটা প্রচারণার কাজে লাগানোর জন্য। হাত-পা নাড়া আর ক্যামেরার সামনে হাসিমুখ করে থাকা ছাড়া তাই আর কোনো কাজ থাকে না সেখানে। রোনালদিহো এ ক্ষেত্রে ব্যতিক্রম। মিউজিক ভিডিওতে তিনি শুধু নিজের চেহারা দেখাননি, রীতিমতো গান গেয়েছেন, নেচেছেন। সঙ্গে আছে দেশের হয়ে তাঁর খেলার বেশ কিছু ক্লিপসও। মূলত বিশ্বকাপ সামনে রেখে করা এই গানটির শিরোনাম ‘ভাই না ফে’ (বিশ্বাস রাখো)। একটা লাইনও আছে এ রকম—‘তুমি হারতে পারো না। বিশ্বাস রাখতে হবে এবং আনতে হবে বিজয়।’
রোনালদিনহো ব্রাজিলের বিশ্বকাপ দলে থাকুন আর না-ই থাকুন, তাঁর এই গান যে ব্রাজিলিয়ানদের বিশ্বকাপে অনুপ্রেরণা দেবে সে তো গানের কথা শুনেই বোঝা যাচ্ছে। ওয়েবসাইট।