গিগস আরও দুই বছর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত নভেম্বরে সাঁইত্রিশে পা রেখেছেন রায়ান গিগস। এই বয়সে অনেক ফুটবলার খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণা করেন। কিন্তু গিগস সেই স্মৃতিকাতরদের দলে পড়েন না। এখনো মাঠ আলো করছেন, শরীরেও কুলোচ্ছে তাঁর। ম্যানচেস্টার ইউনাইটেডের ‘চিরতরুণ’ এই মিডফিল্ডার বললেন, এক বছর তো বটেই, দুই বছরও ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে যেতে পারেন। ‘যেকোনো সময়ের মতোই ফুটবলটা উপভোগ করছি আমি। যদি খেলাটা উপভোগ করি এবং ফর্মটা ধরে রাখতে পারি তাহলে খেলা চালিয়ে যাব। এ নিয়ে (ক্লাবের সঙ্গে) আলোচনা করব। কিন্তু পরের মৌসুমটাও খেলতে আগ্রহী আমি’—আগের ম্যাচেই প্রিমিয়ার লিগে ম্যানইউর হয়ে ৬০০ ম্যাচ খেলার মাইলফলক ছোঁয়া ওয়েলশ ফুটবলার।প্রিমিয়ার লিগকে বাদ দিলে ম্যানইউর হয়ে গিগসের ম্যাচের সংখ্যা দাঁড়ায় ৮২৫। লিগে এত ম্যাচ খেলা আর কোনো ফুটবলার নেই। ম্যানইউর হয়ে ২০ বছর খেলে যাওয়া গিগসের ক্যারিয়ারটা প্রিমিয়ার লিগে একটা দৃষ্টান্ত! ১১টি লিগ শিরোপা জিতেছেন। চারটি এফএ কাপ, দুটি চ্যাম্পিয়নস লিগও। এত কিছুর পরও ক্লান্তি নেই গিগসের, ‘আমি খেলাটা ধরে রাখতে পেরে খুবই খুশি।’ম্যানইউর প্রথম একাদশে এখন নিয়মিত হয়তো সুযোগ পাচ্ছেন না। কিন্তু ফার্গুসনের পরিকল্পনায় এখনো গিগস খুব গুরুত্বপূর্ণ। দুই সপ্তাহ আগে এফএ কাপের তৃতীয় রাউন্ডে তাঁর গোলেই ম্যানইউ হারিয়েছে লিভারপুলকে। সুতরাং গিগস যে আরও এক মৌসুম খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, অ্যালেক্স ফার্গুসন এতে খুশি। গত সপ্তাহে গিগসকে ‘অসাধারণ মানব’ আখ্যা দিয়েছিলেন। তাঁর খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তটা জানার পর যে প্রতিক্রিয়া দেখালেন সেটাও গিগসের জন্য প্রেরণাদায়ী। ‘কিছুদিন আগে তাঁর সঙ্গে কথা বলেছি আমি। খুবই খুশি সে। খেলতে চায় আরও একটা বছর। এটা তো ভালো খবর’—বলেছেন ম্যানইউর দুই যুগ পুরোনো কোচ। রয়টার্স।