গিগস চালিয়ে যেতে চান আরও
বয়স ৩৮ হয়ে গেছে। কিন্তু মনের জোর থাকলে বয়স যে কোনো বাধা নয়, সেটা প্রমাণ করে খেলেই যাচ্ছেন রায়ান গিগস। ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা খেলে যেতে চান আগামী মৌসুমেও। বলছেন, ‘আমি আমার খেলাটা যেকোনো সময়ের চেয়ে বেশি উপভোগ করছি। ক্লাব চাইছে আমি চালিয়ে যাই। কাজেই আমি চালিয়ে যেতে চাই। আমি খেলার জন্য ক্ষুধার্ত এবং খেলতে চাই। আগামী মৌসুমেই আমার চোখ—আশা করি, এই মৌসুমেও কিছু জিততে পারব।’৩৮ বছর বয়সেও ওয়েলস-তারকা দুর্দান্ত ফর্মে। গত রোববারই গিগস ম্যানইউর হয়ে ‘৯০০তম’ ম্যাচ খেলেছেন। নরউইচের বিপক্ষে এই মাইলফলকের ম্যাচটি স্মরণীয় করে রেখেছেন দলের জয়সূচক গোল করে। ওই ম্যাচের পরই অ্যালেক্স ফার্গুসনের কাছ থেকে পেয়েছেন সম্ভবত ফুটবল ক্যারিয়ারেরই সবচেয়ে বড় প্রশংসা। ফার্গি স্পষ্টই জানিয়ে দেন, ‘স্কোলস ও গিগস এই ক্লাবের সর্বকালের সেরা।’৯০০তম ম্যাচ নিয়ে গিগসের কথা, ‘শুরুর সময়ে আপনার সামনে ছোট ছোট লক্ষ্য থাকে—দলে সুযোগ পাওয়া এবং টিকে থাকা। এরপর লোভটা একটু বেড়ে যায়, আপনি কিছু জিততে চাইবেন। এরপর আরও বেশি জিততে চাইবেন। মনে হয় না, আপনি কখনো মনে মনে এতগুলো ম্যাচ খেলার ছবি আঁকতে পারতেন।’ ওয়েবসাইট।