গিগসেই কি ফিরল বসন্ত বাতাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন ভূমিকায় স্বপ্নের অভিষেক হলো রায়ান গিগসের। ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে প্রথম ম্যাচেই পেয়েছেন দুর্দান্ত জয়। পরশু দর্শকদের অভিবাদনের জবাব দেওয়ার সময় গিগসের চোখেমুখে সেই রোমাঞ্চ অবশ্য নেই! ।  রয়টার্স
নতুন ভূমিকায় স্বপ্নের অভিষেক হলো রায়ান গিগসের। ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে প্রথম ম্যাচেই পেয়েছেন দুর্দান্ত জয়। পরশু দর্শকদের অভিবাদনের জবাব দেওয়ার সময় গিগসের চোখেমুখে সেই রোমাঞ্চ অবশ্য নেই! । রয়টার্স

৭-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বাংলাদেশে হলে আমরা বলতাম তীব্র শীত। কিন্তু ওরা বলে বসন্তকাল। তা প্রকৃতিতে বসন্তের পদধ্বনি তো পাওয়াই যাচ্ছে। পাতাঝরা শীত বিদায় নিয়েছে। ম্যাপল আর চেরিগাছগুলোয় নতুন কিশলয়। ঠিক এমনই একদিনে ওল্ড ট্রাফোর্ডে যেন বসন্ত বাতাস ছুঁয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেডকে।
কে এই বসন্ত বাতাসকে পথ দেখিয়ে আনলেন ম্যানচেস্টার ইউনাইটেডে? রায়ান গিগস। ২৩ বছর যিনি ইউনাইটেডের খেলোয়াড় তালিকায় নাম ধরে রেখে ক্লাবটির প্রতীক হয়ে উঠেছেন, সেই ওয়েলশ উইঙ্গার। এবার তাঁর গায়ে লাল জার্সি-সাদা শর্টসের বদলে কালো স্যুট। বুট জোড়া দেয়ালে ঝুলিয়ে রেখে পায়ে গলিয়েছেন কালো জুতা। মাঠের মাঝখানটা ছেড়ে দাঁড়িয়েছেন ডাগ-আউটে।
পরশু নরউইচের সঙ্গে ম্যাচটির আগে জয়ের পক্ষেই ম্যানচেস্টারবাসী বাজি ধরেছিল বেশি। তবে আশঙ্কার একটা চোরাস্রোতও যে বইছিল না, তা কিন্তু নয়। ডেভিড ময়েসের অধীনে প্রতাপশালী ইংলিশ ক্লাবটি যে জিততে ভুলে গিয়েছিল! বিশেষ করে নিজের মাঠে। ময়েসকে সরিয়ে অন্তর্বর্তীকালীন কোচ করা হয়েছে গিগসকে। কিন্তু কোচিংয়ের অন্ধিসন্ধি না-জানা একজন খেলোয়াড়ের হাতে দায়িত্ব তুলে দিলেই তো জয়ের গ্যারান্টি থাকে না। ম্যানচেস্টার আসলে সময় গুনছিল আশা ও আশঙ্কা নিয়ে।
কিন্তু গিগস প্রবল উচ্ছ্বাসে ভাসালেন ৭৫ হাজার ২০৮ জন দর্শককে। নরউইচ সিটি ৪-০ গোলে উড়ে গেল ইউনাইটেডের কাছে। এত দিন ইংল্যান্ডের এই মেঘ এই বৃষ্টি আবহাওয়ার মতোই বিষণ্ন হয়ে ছিল ক্লাবটি। লিগ কাপ গেছে, এফএ কাপ গেছে, চ্যাম্পিয়নস লিগে দর্শকসারিতে আসন জুটেছে অনেক আগে। গতবারের লিগজয়ীরা লিগের আশা ধুয়েমুছে চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়া দূরে থাক, এখন লড়ছে ইউরোপা লিগে টিকিট পাওয়ার লড়াইয়ে। বিষণ্নতা পুরো ক্লাবের গায়েই লেপ্টে ছিল ছোপ ছোপ কালির মতো। সেই ক্লাবটি এদিন প্রাণ খুলে হাসল। আক্রমণাত্মক এক খেলা উপহার দিয়ে গিগসই মুক্তোঝরা হাসিতে উদ্ভাসিত করলেন ওল্ড ট্রাফোর্ডকে।
প্রথম ২০-৩০ মিনিট পর্যন্ত নরউইচের রক্ষণাত্মক কৌশল আর ইউনাইটেডের জড়তায় বোঝা যায়নি, গোলের এমন মিছিল চলবে শেষ পর্যন্ত। ড্যানি ওয়েলবেকের আদায় করা পেনাল্টি থেকে ওয়েইন রুনি ৪১ মিনিটে গোল করার পরই বদলে গেল দৃশ্যপট। দ্বিতীয়ার্ধে হুয়ান মাতা ও হাভিয়ের হার্নান্দেজকে নামিয়ে মাস্টার স্ট্রোকটা দিলেন গিগস। একে একে আরও তিন গোল। ভাগ্য ভালো থাকলে গোলের মালাই নরউইচকে উপহার দিতে পারত ইউনাইটেড। হ্যাটট্রিক হতে পারত রুনির, মাতারও। সে কী হতে পারত আর না পারত সেটি ম্যাচ শেষে নিরর্থক, স্কোরলাইনটাই আসল।
তবে নীরবে এই ম্যাচটাই হয়তো ইউনাইটেডকে দেখাল নতুন পথের দিশা। সবাই বলাবলি করছে, গিগসই হয়তো ম্যাট বুসবি, অ্যালেক্স ফার্গুসনদের উত্তরসূরি হয়ে এসেছেন ইউনাইটেডে। ফুটবল-বিধাতাই হয়তো এমনটি চেয়েছিলেন বলে ফার্গির পর ময়েস-ব্যর্থতার দশমাসি গল্পটি লিখেছেন। মৌসুমের বাকি চার ম্যাচের জন্য অন্তর্বর্তী কোচ গিগস। এই চার ম্যাচ থেকেই ইউনাইটেডের সবচেয়ে বন্দিত খেলোয়াড়টি ইউরোপা লিগের টিকিট এনে দেবেন ইউনাইটেডকে। আর তারপর ক্লাব মালিক গ্লেজার পরিবার গিগসকে স্থায়ী কোচ করতে বাধ্য হবেন। ভালোই তো! কিছু পেতে গেলে কিছু বিসর্জন দিতে হয়। এই মৌসুমটা যেমন গৌরব খোয়ানোর চিহ্ন এঁকে দিল।
গিগসের ওপর ইউনাইটেড-ভক্তদের এই বিশাল আস্থার কারণটা অনুমান করাই যায়। এই ক্লাবেই তাঁর জীবন, ম্যাচ খেলেছেন নয় শর বেশি। ১৩টি লিগ শিরোপা জিতেছেন, দুইটি চ্যাম্পিয়নস লিগ। কোচের দায়িত্ব পাওয়ার পর নিজেই বলেছেন, এই ক্লাবটিকে নিজের ধমনিতে বয়ে যাওয়া রক্ত মনে করেন। তো ক্লাব-অন্তঃপ্রাণ এমন এক খেলোয়াড় নিজের সবটুকু ঢেলেই সাফল্যের বীজ বুনতে চাইবেন স্বাভাবিক। তবে ইউনাইটেডের অন্দরমহলে, এমন চিন্তাও ক্রিয়াশীল যে, লুই ফন গাল বা পেপ গার্দিওলার মতো কাউকেই স্থায়ী দায়িত্ব দেওয়া হবে। কেননা ইউনাইটেডের ইতিহাস বলে, দূরদৃষ্টিসম্পন্ন কঠোর শৃঙ্খলাপরায়ণ কাউকে কোচ না করলে সাফল্য পাওয়া যায় না। লিভারপুলের পুনরুত্থানকেও ভয় পাচ্ছে ইউনাইটেড। আবার এমন ধারণাও আছে যে, এখন মুনাফার দিকে বেশি ঝুঁকে পড়া ইউনাইটেডের মার্কিন মালিক গ্লেজার পরিবার টাকা বাঁচাতে গিগসকেই স্থায়ী কোচের দায়িত্ব দেবেন। যা-ই হোক না কেন, ময়েসের বিদায়ের পর ইউনাইটেড-ভক্তরা শুভ ইঙ্গিতই দেখছে সামনে। গিগসের হাত ধরেই কি জানান দিল সেই শুভ বার্তা?