গিগসের সামনে অনেক প্রশ্ন

অনেক প্রশ্ন একসঙ্গে জট পাকিয়ে আছে ওল্ড ট্রাফোর্ডে। লুইস ফন গালই কি ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হচ্ছেন? রায়ান গিগসের ভূমিকা তখন কী হবে? গিগস আরও এক মৌসুম খেলবেন নাকি নতুন কোচের সহকারী হবেন?
ফন গাল কোচ হয়ে এলে গিগস হয়তো ইউনাইটেড ছেড়ে যেতে পারেন। এমন গুঞ্জনও চাউর হয়ে গিয়েছিল। গিগস নিজেই জানিয়েছিলেন, ভবিষ্যৎ ঠিকানা সম্পর্কে এখনই কিছু জানেন না। কিন্তু কাল নিশ্চিত করে দিলেন ওল্ড ট্রাফোর্ডই থাকছে তাঁর ঠিকানা, ‘খেললে ম্যানচেস্টার ইউনাইটেডেই খেলব। নইলে কোথাও নয়। এখানে টাকার কোনো প্রশ্ন নেই।’
কিন্তু গিগস চাইলেই তো হবে না, নতুন কোচ গিগসকে খেলোয়াড় হিসেবে চাইবেন কি না সেটিও দেখার বিষয়। এটা মাথায় রেখেই কি না গিগসের কথা, ‘এখানে দুজনকেই সিদ্ধান্ত নিতে হবে। আমাকে তো বটেই, কোচ হিসেবে যিনি আসছেন তাঁকেও।’
বলটা ভাবী কোচের কোর্টেই ঠেলে দিয়েছেন গিগস। তার মানে সামনের মঙ্গলবার হাল সিটির সঙ্গে ম্যাচই হতে পারে ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে ওল্ড ট্রাফোর্ডে তাঁর শেষ ম্যাচ। সেটিতে গোল পাওয়া দুর্দান্ত ব্যাপার হবে জানিয়ে গিগস বললেন, ‘যদি প্রথম একাদশে বা বেঞ্চে আমার জায়গা না থাকে তাহলে আমি নামব না। মাঠে নেমে গোল করতে পারলে সবচেয়ে ভালো হতো।’ পরশু সান্ডারল্যান্ডের কাছে হেরে কোচিং ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই পেয়েছেন প্রথম পরাজয়ের স্বাদ। যেটি ছিল ঘরের মাঠে এই মৌসুমে ইউনাইটেডের সপ্তম হার। অথচ গত চার মৌসুম মিলে ইউনাইটেড ওল্ড ট্রাফোর্ডে হেরেছিল সাত ম্যাচ!
এ অবস্থায় ফন গাল যে ওল্ড ট্রাফোর্ডে কোচ হয়ে আসছে, ব্রিটিশ সংবাদমাধ্যম দিচ্ছে তেমন খবরই। সেটিকে আরও জোরালো ভিত্তি দিলেন হল্যান্ড জাতীয় দলে ফন গালের সহকারী প্যাট্রিক ক্লাইভার্ট, ‘এখনো কোনো চুক্তি হয়নি। আমি এখনই কিছু বলতে পারছি না। কিন্তু আমার মনে হয় তিনি বড় দলগুলোকে আরও ভালো খেলতে ও গুরুত্বপূর্ণ ফল এনে দিতে পারবেন।’
ফন গালের সঙ্গী হয়ে ওল্ড ট্রাফোর্ডে আসতে পারেন ক্লাইভার্টও। আয়াক্স ও বার্সেলোনায় ফন গালের অধীনেই খেলেছিলেন এই ডাচ স্ট্রাইকার। সেই মুগ্ধতা এখনো আছে জানিয়ে বললেন, ‘তাঁর সঙ্গে কাজ করা দারুণ আনন্দের।’ ওয়েবসাইট।