গিনেস রেকর্ডে শাকিরা-রোনালদো

সেই ১৯৫৫ সাল থেকে বের হচ্ছে গিনেস রেকর্ডের বই। প্রতিবার নতুন সংস্করণ বের হলে হামলে পড়েন ভক্তরা। গিনেসের ওই রেকর্ড বইটিই নাকি সবচেয়ে বেশি বিক্রি হওয়ার গিনেস রেকর্ডের অধিকারী। এবার সেই বিক্রি-বাট্টা নাকি আরও বাড়বে। গিনেসের ২০১৫ সালের সংস্করণে যে থাকছে ক্রিস্টিয়ানো রোনালদো আর শাকিরার নাম।
ফেসবুকে লাইক সংখ্যায় রিয়ান্নাকে টপকানোর পর দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছেন শাকিরা। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ফেসবুকে তাঁর লাইকের সংখ্যা ১০ কোটির ওপরে। ১০ কোটি লাইক ফেসবুকে আর কারও নেই। শাকিরার সবচেয়ে কাছাকাছি আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৯ কোটি ৭৬ লাখ লাইক আছে তাঁর। ফেসবুকে প্রথম তারকা হিসেবে ১০ কোটি লাইক পাওয়ায় গিনেস রেকর্ডে জায়গা পাচ্ছেন শাকিরা।
না, রোনালদোর রেকর্ডটা ফেসবুক নিয়ে নয়। তাঁরটা খেলা নিয়েই। গত বছর ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর, অর্থ্যাৎ এক বর্ষপঞ্জিতে চ্যাম্পিয়নস লিগে ১৫ গোল করে গিনেস বুকে নাম তুলেছেন তিনি। চ্যাম্পিয়নস লিগে এটাই এক বর্ষপঞ্জিতে সবচেয়ে বেশি গোলের বিশ্ব রেকর্ড। ফক্স স্পোর্টস।