গিবসকে মেরে ফেলার হুমকি দিয়েছিল দিল্লি পুলিশ!
‘স্যার, এখনই সবকিছু বলে দেওয়া আপনার জন্য মঙ্গলজনক। আমাদের এখানে কিন্তু এখনো মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।’ এভাবেই ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির জিজ্ঞাসাবাদের সময় দিল্লি পুলিশ মেরে ফেলার হুমকি দিয়েছিল বলে দাবি করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হার্শেল গিবস।গিবসের বিরুদ্ধে ২০০০ সালে ভারত সফরে একটি ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের ভয়ে এরপর থেকে ভারত সফর এড়িয়ে চলছিলেন তিনি। ২০০৬ সালে ভারতে খেলতে এলে তাঁকে ম্যাচ ফিক্সিং নিয়ে জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশ। আত্মজীবনীতে হার্শেল গিবস জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় দিল্লি পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা তাঁকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। সেই কর্মকর্তার নাম প্রকাশ না করলেও তাঁর চেহারার বর্ণনা দিয়েছেন তিনি। গিবস লিখেছেন, ‘আমি তাঁর প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। কিন্তু কোনোভাবেই সন্তুষ্ট হতে পারছিলেন না তিনি। আমাকে ক্ষমা পর্যন্ত চাইতে হয়েছিল। এরপর সেই কর্মকর্তা কিছুটা নরম হন।’ম্যাচ ফিক্সিং নিয়ে জিজ্ঞাসাবাদের সময় মেরে ফেলার হুমকির অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে দিল্লি পুলিশ। ম্যাচ ফিক্সিং বিতর্কের তদন্তকাজের নেতৃত্ব দেওয়া পুলিশের অপরাধ বিভাগের বিশেষ কমিশনার রঞ্জিত নারিন টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘একটি গণতান্ত্রিক দেশে এ ধরনের ঘটনা ঘটতেই পারে না। জিজ্ঞাসাবাদের সময় গিবসকে খুব নার্ভাস দেখাচ্ছিল। অশোভন কথা বলার জন্য তিনি তৎকালীন পুলিশ কমিশনার ও আমার কাছে ক্ষমাও চেয়েছিলেন।’