গিবসনকে ধরে রাখল উইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওত পেতে বসে ছিল ওয়ারউইকশায়ার। অ্যাশলি জাইলস ইংল্যান্ডের ওয়ানডে কোচ হওয়ার পর থেকে কোচশূন্য কাউন্টি দলটি। দৃষ্টি ছিল ওটিস গিবসনের ওপর। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) সঙ্গে গিবসনের বনিবনা না হলেই সুযোগটি লুফে নিত ওয়ারউইকশায়ার। কিন্তু দলের সাম্প্রতিক সাফল্যের নেপথ্য নায়ককে হাতছাড়া করেনি ডব্লুআইসিবি। চুক্তি বাড়িয়েছে তিন বছর। অর্থাৎ ২০১৬ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের কোচ থাকছেন গিবসন।তিন বছর ইংল্যান্ডে বোলিং কোচের দায়িত্ব পালনের পর ২০১০ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব নেন গিবসন। সাবেক এই পেসারের কোচিংয়ে ২৬ টেস্টের ৬টি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, পরাজয়-ড্র সমান ১০টি করে। ৬০ ওয়ানডের ২৪টি জিতেছে, হেরেছে ৩৩টি। আর ১৬ টি-টোয়েন্টিতে ৯ জয়, ৫ হার। তবে জয়-পরাজয়ের এই সংখ্যায় গিবসনের অবদানকে ঠিক মাপা যাবে না। সাম্প্রতিক অতীতে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় সাফল্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় এসেছে তাঁর কোচিংয়েই, দুই দশক পর ওয়েস্ট ইন্ডিজ জিতেছে টানা চার টেস্ট। এএফপি, ওয়েবসাইট।